থ্যাঙ্কসগিভিং-এর ছুটিতে ফ্লোরিডার গল্ফ ক্লাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ৩৫ বছর বয়সি সহকারী নাতালি হার্পের (Natalie Harp) ‘অন্তরঙ্গ মুহূর্তের’ দু’টি ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া ওই ছবি এবং তার সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়েস্ট পাম বিচের ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে’ ৮০ বছর বয়সি প্রেসিডেন্ট ও তাঁর সহকারীর মধ্যে পেশাদার সম্পর্কের বাইরের ঘনিষ্ঠতা দেখা গিয়েছে। তবে একাধিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেক সংস্থার পর্যালোচনায় স্পষ্ট হয়েছে, এই ভাইরাল দাবি এবং ছবিগুলির সত্যতার সপক্ষে এখনও পর্যন্ত কোনও স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
কী দাবি করা হয়েছে ভাইরাল পোস্টে
বিতর্কের সূত্রপাত হয় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজমাধ্যম ‘এক্স’-এ (X) ডেভিড স্যামুয়েল নামে এক ব্যবহারকারীর পোস্ট থেকে। পোস্টটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ছ’লক্ষ (৫ লক্ষ ৯৯ হাজারের বেশি) ভিউ ছাড়িয়ে যায়। সেখানে দু’টি ছবি শেয়ার করা হয়, একটিতে দেখা যাচ্ছে ট্রাম্প নাতালি হার্পকে গল্ফ ক্লাব চালাতে সাহায্য করছেন এবং অন্য ছবিটিতে দু’জনকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। ওই পোস্টের সঙ্গে যুক্ত ‘ইউএসএটস’ (USATOSS) নামে একটি ওয়েবসাইটের প্রতিবেদনে ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে দাবি করা হয়, পেশাদার দূরত্ব বজায় রাখার বদলে দু’জনের অবস্থান ছিল অস্বাভাবিক রকমের কাছাকাছি।<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>BREAKING: President Trump, 80, caught on an intimate Thanksgiving getaway with 35-year-old aide Natalie Harp at Trump International Golf Club in West Palm Beach, Florida, as it appears these two might be more than just a president and his aide https://t.co/vXjTU5fP5q</p>— David Samuel (@SamDave2023) <a href=”https://x.com/SamDave2023/status/2126049599848685578?ref_src=twsrc%5Etfw”>November 26, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ফ্যাক্ট-চেকে কী উঠে এল
সমাজমাধ্যমে ঝড় উঠলেও বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেক ওয়েবসাইটের অনুসন্ধানে ভাইরাল দাবিটির দুর্বলতা সামনে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল পোস্ট বা ওই ওয়েবসাইটের লেখায় ট্রাম্প ও হার্পের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক কিংবা একান্তে থ্যাঙ্কসগিভিং কাটানোর কোনও যাচাইকৃত প্রমাণ দেওয়া হয়নি। এমনকি ছবিগুলি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে, তারও কোনও নির্ভরযোগ্য সূত্র মেলেনি।
নতুন এই ছবিগুলি সামনে আসতেই গত সেপ্টেম্বর মাসের একটি পুরনো ঘটনার প্রসঙ্গ ফের চর্চায় উঠে এসেছে। সেই সময়ও ট্রাম্প ও নাতালি হার্পের কথিত চুম্বনের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা পরে কৃত্রিম মেধা বা এআই (AI) দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়। যদিও সেপ্টেম্বর মাসের সেই তথ্য সরাসরি নতুন ছবিগুলির ওপর চাপিয়ে দেওয়া যায় না, তবু সাম্প্রতিক থ্যাঙ্কসগিভিং-এর ছবিগুলি যে বাস্তবে তোলা, তারও কোনও স্বাধীন নিশ্চিতকরণ এখনও পর্যন্ত মেলেনি।
থ্যাঙ্কসগিভিং সফরে আসলে কী ঘটেছিল
বাস্তবে গত ২৪ নভেম্বর হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-এ-লাগো (Mar-a-Lago) ক্লাবে থ্যাঙ্কসগিভিং-এর ছুটি কাটাতে রওনা হন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লন থেকে ‘মেরিন ওয়ান’ (Marine One) হেলিকপ্টারে ওঠার সময় সস্ত্রীক ট্রাম্পের ঠিক পেছনেই সাত জন সহকারীর একটি দলের সঙ্গে দেখা গিয়েছিল নাতালি হার্পকে। অন্য পুরুষ সহকর্মীদের গাঢ় রঙের স্যুটের মাঝে লম্বা সাদা কোট পরে থাকায় সহজেই নজর কাড়েন তিনি।
সাংবাদিক অ্যারন রুপার (Aaron Rupar) সেই ভিডিয়ো ‘এক্স’-এ পোস্ট করে মন্তব্য করেন যে, প্রতি বারের মতো এ বারেও ট্রাম্পের পেছনেই রয়েছেন নাতালি হার্প। এর পরেই নেটপাড়ায় কটাক্ষ ও পাল্টা যুক্তির লড়াই শুরু হয়ে যায়। সমালোচকদের একাংশ মেলানিয়ার উপস্থিতিতেও হার্পের সফরসঙ্গী হওয়া নিয়ে তীব্র ব্যঙ্গ-বিদ্রূপ করেন। অন্য দিকে, ট্রাম্প-সমর্থকদের পাল্টা বক্তব্য, দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের এগজিকিউটিভ সহকারী হিসেবে নাতালি হার্প বরাবরই পেশাগত দায়িত্বে জনসভা ও গল্ফ সফরে তাঁর সঙ্গে থাকেন। কোনও পুরুষ ব্যক্তিগত সহকারী থাকলে এ ভাবে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দেওয়া হত না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। সব মিলিয়ে, পেশাগত সফরে নাতালির উপস্থিতিকে কেন্দ্র করে পুরনো গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেও, গল্ফ ক্লাবে ‘অন্তরঙ্গ ছুটি’র ভাইরাল দাবিটি এখনও পর্যন্ত ভিত্তিহীন জল্পনা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।