ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

Image: File Phot

ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন বাণিজ্যিক পদক্ষেপে ফের চাপ বাড়তে পারে ভারত-আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সাম্প্রতিক প্রস্তাবে ভারতের পাশাপাশি আরও ৬টি দেশের উপর এই হারে শুল্ক চাপানোর কথা বলা হয়েছে।

তালিকায় থাকা ৬টি দেশ হল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ড। মূলত বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা ও তথাকথিত অন্যায্য বাণিজ্যিক নীতির বিরুদ্ধে পদক্ষেপ করতেই এই উদ্যোগ ওয়াশিংটনের। ১৬টি অর্থনীতির উপর ৮ মাস ধরে তদন্ত চালানোর পর এই প্রস্তাব সামনে এনেছে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলি বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন ক্ষমতা বজায় রাখছে। এর ফলে মার্কিন সংস্থাগুলি প্রতিযোগিতার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। মার্কিন প্রশাসনের তদন্তের মূল বিষয় হল স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি বা বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন ক্ষমতা। ওয়াশিংটনের দাবি, বিভিন্ন দেশের সরকারি শিল্পনীতি, ভর্তুকি ও উৎপাদন সংক্রান্ত নীতির মাধ্যমে এই পরিস্থিতি তৈরি হয়েছে।


প্রস্তাবিত শুল্কের তালিকায় চিনের উপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা রয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার হতে পারে ৩৫ শতাংশ পর্যন্ত। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ জাপান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশের উপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের জন্য এই শুল্ক প্যাকেজ তৈরি করেছে আমেরিকা।

আরও পড়ুন: শিল্পে সরকারি ভর্তুকির জেরে ক্ষতির মুখে মার্কিন অর্থনীতি: ভারত, চিন-সহ বহু দেশের পণ্যে নতুন করে আমদানি শুল্ক বসাতে চলেছেন ট্রাম্প

তবে ভারতীয় পণ্যে প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সাধারণ মানুষের মতামত গ্রহণ ও প্রকাশ্য শুনানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপরেই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।