গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি এর আগে অনেকবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের পার্মানেন্ট সিকিউরিটি কন্ট্রোল-এর ঘোষণা করলেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের অবসানে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক একটি নতুন চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল বা প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প দাবি করেছেন, চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে। তাঁর দাবি, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কোনও অতিরিক্ত খরচ হবে না। গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন অবশ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি। তিনি বলেছেন, এটি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে যৌথ নিরাপত্তা জোরদার করবে। সেই সঙ্গে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং গ্রিনল্যান্ডের জনগণের অধিকার স্বীকৃত হয়েছে। চুক্তি কার্যকর করতে ডেনমার্কের সংসদীয় অনুমোদনও প্রয়োজন হবে।
গ্রিনল্যান্ডের সরকারপ্রধান জেন্স-ফেডেরিক নিলসেনও চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এটি গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সহযোগিতায় গ্রিনল্যান্ডের স্বার্থকে স্বীকৃতি দেবে। তবে চুক্তির পূর্ণাঙ্গ লিখিত সংস্করণ এখনও প্রকাশিত হয়নি। এক মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তার দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে অতিরিক্ত সামরিক স্থাপনা নির্মাণ করতে পারবে। সেখানে স্থায়ীভাবে প্রবেশ, সামরিক ঘাঁটি ব্যবহার ও আকাশপথ ব্যবহারের অধিকার পাবে। ন্যাটোর বাইরের দেশগুলির সামরিক ঘাঁটি স্থাপন ও যুক্তরাষ্ট্রের জন্য সংবেদনশীল খাতে তাদের বিনিয়োগও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে তারেকের ভারত সফর চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি আলোচনা আবার শুরু
গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পিটুফিক ঘাঁটি রয়েছে। ১৯৫১ সালের একটি চুক্তির অধীনেও সেখানে মার্কিন সামরিক উপস্থিতির সুযোগ রয়েছে। নতুন চুক্তি সেই ব্যবস্থার তুলনায় কতটা পরিবর্তন আনবে, তা পূর্ণাঙ্গ চুক্তির বিষয় প্রকাশ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।