মাঝ-আকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধবিমানের, বরাত জোরে প্রাণরক্ষা পাইলটদের

মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো প্রদেশে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের। স্থানীয় সময় রবিবার দুপুরে মাউন্টেন হোম বায়ুসেনা ঘাঁটির কাছে দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরই দু’টি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। কারণ, সময় থাকতে দুই বিমানের চার  পাইলটই প্যারাশুটের সাহায্যে বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসেন।

জানা গিয়েছে, রবিবার প্রদর্শনীর অংশ হিসেবেই আকাশে কসরত দেখাচ্ছিল মার্কিন নৌবাহিনীর দু’টি ‘ইএ-১৮জি গ্রোলার’ যুদ্ধবিমান। সেই সময় মাঝআকাশে আচমকাই দু’টি বিমান একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে। মুহূর্তের মধ্যেই ঘটে সংঘর্ষ। আগুনের গোলার মতো পাক খেতে খেতে নিচের দিকে নামতে থাকে বিমান দু’টি। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মার্কিন নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান দুটি বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর মুখপাত্র অ্যামেলিয়া ইমায়ম জানিয়েছেন, কী কারণে যুদ্ধবিমান দু’টি এত কাছে চলে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মাউন্টেন হোমে এর আগেও এয়ার শো চলাকালীন একাধিক দুর্ঘটনা ঘটেছে। একই ধরনের দুর্ঘটনায় ২০১৮ সালে এক পাইলটের মৃত্যু হয়েছিল।