ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭-এর বেশি, একাধিক মৃত্যুর আশঙ্কা

পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যা, ভেনেজুয়েলার স্থানীয় সময় অনুযায়ী ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র ৩৯ সেকেন্ড পরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যার কম্পনের মাত্রা ছিল ৭.৫। পরপর দু’বার কম্পনের ফলে দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির হয়েছে রাজধানী কারাকাস এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী লা গুয়াইরাতে। একাধিক বাড়ি ও পরিকাঠামো ভেঙে পড়েছে বলে খবর। এছাড়া প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের তরফে এখনও মৃত ও আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসং আশঙ্কা প্রকাশ করেছে, প্রাণহানির সংখ্যা কয়েক হাজার থেকে এক লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ক্যারিবিয়ান সাগর উপকূলবর্তী মরন অঞ্চল। যা কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ওই এলাকার দক্ষিণ-পশ্চিমে। প্রথম কম্পনের উৎপত্তি হয়েছিল ভূগর্ভের ২২ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টির ১০ কিলোমিটার গভীরে।

এই প্রাকৃতিক দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত উদ্ধার ও ত্রাণ পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটক থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকাজের গতি যথেষ্ট নয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েসদাদো ক্যাবেলো জানিয়েছেন, নিয়ম মেনেই উদ্ধার ও ত্রাণ পরিচালিত হচ্ছে এবং যাঁদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।