কাতারের রাস লাফান গ্যাস উৎপাদ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক বলে চিহ্নিত করে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার রাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনায় আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা হাসপাতালে ভর্তি।
কাতারের জ্বালানী সংক্রান্ত মন্ত্রী ও ‘কাতার এনার্জি’-র প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক। এছাড়া আহত হয়েছেন ৬৬ জন। তাঁদের সকলের অবস্থাই আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কাতারে জ্বালানী মন্ত্রী।
কাতার কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, এটি একটি প্রযুক্তিগত ত্রুটিজনিত দুর্ঘটনা। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে বিস্ফোরণের ফলে পরিবেশের কোনও ক্ষতি হয়নি। ক্ষতিকর গ্যাস বেরনোর জন্য কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, এই দুর্ঘটনার কারণে দেশের গ্যাস আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন আল-কাবি।
এদিকে, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় দূতাবাস জানায়, রবিবার রাতে রাস লাফানে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের পাশে রয়েছে তারা। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য,রবিবার রাতে কাতারের শিল্পনগরী রাস লাফানে অবস্থিত গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতি গ্যাস(এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।