তুরস্কের স্কুলে গুলিচালনা, প্রাক্তন ছাত্রের হামলায় জখম ১৬

তুরস্কে এক ভয়াবহ বন্দুকবাজের হামলায় ব্যাপক আতঙ্ক ছড়াল। সিভেরেক জেলার একটি স্কুলে প্রাক্তন ছাত্রের এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৬ জন জখম হয়েছেন। পরে অভিযুক্ত নিজেই আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আহমেত কয়ুনজু ভোকেশনাল ও টেকনিক্যাল আনাতোলিয়ান হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আচমকা স্কুলে ঢুকে করিডরে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে ছাত্র-শিক্ষক সহ উপস্থিত বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এই ঘটনায় আহতদের মধ্যে ৪ জন শিক্ষক, ১০ জন ছাত্র, এক পুলিশকর্মী এবং এক ক্যান্টিন কর্মী রয়েছেন। গুরুতর আহত ৪ জন— দুই শিক্ষক ও দুই ছাত্রকে শহরের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের সিভেরেক রাজ্য হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং স্কুলটি খালি করে দেওয়া হয়। হাসান সিলদাক, শানলিউরফার গভর্নর, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং পরিস্থিতির খোঁজ নেন। তিনি জানান, অভিযুক্ত ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র, যিনি নবম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেছিলেন। পরে তিনি খোলা শিক্ষা ব্যবস্থায় ভর্তি হন। ২০০৭ সালে জন্ম ওই যুবক পুলিশ তাকে ধরতে গেলে আত্মঘাতী হয় বলে জানিয়েছেন তিনি। গভর্নর আরও বলেন, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। একাধিক দিক থেকে তদন্ত চলছে।’


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের কোনও পূর্ব অপরাধমূলক রেকর্ড ছিল না। বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় ও প্রশাসনিক— দুই স্তরেই তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন হলেও স্কুল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে ঘটনার নেপথ্যের কারণ সামনে আনা হবে।

এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।