ট্রাম্পের অভিযোগ ‘ভিত্তিহীন’, ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা প্রসঙ্গে বিস্ফোরক ইরান

আমেরিকা নয়, হরমুজ় প্রণালী থেকে বেরোনোর সময়ে ভারতীয় জাহাজের উপরে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এমনটাই অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শনিবার ট্রাম্পের তোলা সেই অভিযোগ প্রত্যাখান করল ইরান। ট্রাম্পের তোলা অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে তেহরান।

ভারতে ইসলামিক রিপাবলিক অব ইরানের দূতাবাস এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। তারা জানিয়েছে, ভারতীয় বাণিজ্যিক জাহাজের উপরে আমেরিকা হামলা চালিয়েছে। তাই নিজেদের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য ট্রাম্প এই অভিযোগ করেছেন।

দূতাবাসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে বলা হয়েছে, ‘ভারতীয় জাহাজ নিয়ে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ভিত্তিহীন। মার্কিন যুক্তরাষ্ট্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনটি ভারতীয় জাহাজে হামলা চালিয়েছে। ওই হামলায় নিরীহ তিনজন ভারতীয় নাবিককে তারা হত্যা করেছে। এমন নির্মম সত্য থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। খুবই বেদনাদায়ক ঘটনা।’


উল্লেখ্য, হরমুজ় প্রণালীর কাছে তিনটি ভারতীয় জাহাজে মার্কিন সেনাবাহিনী হামলা চালায়। সেই ঘটনার পরে দু’বার আমেরিকার কূটনীতিককে তলব করে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলেন। শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের দিকে নিশানা করে লেখেন, ‘হরমুজ় ছেড়ে বেরোনোর সময়ে ভারতীয় জাহাজে এভাবে ইরানের হামলা একেবারেই মেনে নেওয়া যায় না।’

এদিকে ভারত সরকার এক সপ্তাহের মধ্যে দু’বার ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছিল। ভারত সরকার তাঁর কাছ থেকে ওমান উপকূলের কাছে ভারতীয় আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার ব্যাখা চায়। অন্যদিকে, ভারতীয় জাহাজে এই হামলা কোনওভাবেই ‘সমর্থনযোগ্য নয়’ বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকান বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেও জয়শঙ্কর এই কথা জানিয়েছেন।