হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের

Photo: Statesman

হরমুজ প্রণালীকে নিয়ে চর্চা অব্যাহত। এবার হরমুজ প্রণালীকে শীঘ্রই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কের একটি পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশ থেকে ট্রাম্প এ কথা জানান। খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প জানান, ইরানকে পরাজিত করার পর তিনি এই বিষয়ে ঘোষণা করবেন। ট্রাম্প বলেন, ‘ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ তাঁর দাবি, চলমান যুদ্ধে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জলপথটি কার্যত বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, ‘টুইট করে, বিমানবাহিনী রণতরী পাঠিয়ে, নির্দেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা যাবে না। ইরান কোনও হুমকিতে ভয় পায় না। হরমুজ ইরানের ছিল, আছে এবং ইরানেরই থাকবে।’

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তা বজায় রাখা হবে। হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। জলপথটি নিয়ন্ত্রণে রাখতে ইরান বিভিন্ন জাহাজকে সতর্ক করেছে। অন্যদিকে, আমেরিকা ইরানের বন্দরগুলির উপরে অবরোধ জারি করে চাপ বাড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৭.৭, জারি সুনামি সতর্কতা

এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক তেল বাজারে পড়েছে। অপরিশোধিত তেলের দাম বেড়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতেরও আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে কিছু বাণিজ্যিক জাহাজ চলাচল করলেও হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি অত্যন্ত উত্তজেনাপূর্ণ।