ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি কোনও তাড়হুড়ো করতে চান না। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু করার জন্য সময়ের কোনও চাপ নেই। কিছু মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার শান্তিবৈঠক আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে।
তবে ট্রাম্প সরাসরি ওই খবর উড়িয়ে দিয়েছেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আলোচনার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমেরিকার মানুষের জন্য যেটা সবচেয়ে ভাল, তা বিবেচনা করেই চুক্তি হবে।’
ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত থাকবে।’ অন্যদিকে হরমুজ নিয়ে নতুন করে বিতর্ক বেঁধেছে।
বর্তমানে মার্কিন সেনা হরমুজ অবরোধ করে রেখেছে। তার প্রেক্ষিতে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, আমেরিকা হরমুজ থেকে সরলে তবেই তারা প্রণালী খুলবে। ইসলামাবাদে ইরান-আমেরিকার শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পর হরমুজে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ইরান-আমেরিকার দ্বন্দ্বে হরমুজ এখনও প্রায় অচল। কয়েকটি দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ দিয়ে যাতায়াত করলেও অবাধ যাতায়াত এখনও সম্ভব হচ্ছে না।