রাশিয়ার থেকে তেল কেনার মাশুল! ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের বোঝা ট্রাম্পের

Photo: File photo

ফের মার্কিন শুল্কের চাপে পড়বে ভারত! রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার জন্য ফের চড়া শুল্কের মুখে পড়তে চলেছে ভারত। সম্প্রতি মার্কিন সেনেটদের পেশ করা একটি নতুন নিষেধাজ্ঞা বিলে ভারতের জন্য এমনই অশনি সঙ্কেতের আভাস মিলেছে। নতুন বিলে আগের প্রস্তাবিত ৫০০ শতাংশ শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। আর সেই বিলে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত, চিন-সহ পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

সংশোধিত রাশিয়ান স্যাঙ্কশন বিল-এ মার্কিন প্রশাসনকে তেল আমদানিকারী দেশগুলির উপরে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ভারত ও চিন ছাড়াও হাঙ্গেরি, আজেরবাইজান ও স্লোভাকিয়ার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। তবে তেল ক্রয়কারী দেশগুলির পাশাপাশি রাশিয়া থেকে যেসব দেশ প্রাকৃতিক গ্যাস কিনছে, তাদের বিরুদ্ধেও এই বিলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, এই নতুন বিলটি হোয়াইট হাউস সমর্থন করেছে। আগামী আগস্ট মাসের আগে এই নতুন মার্কিন বিলটি পাশ হতে পারে।

তবে এই বিল যদি মার্কিন সেনেটে পাশ হয়ে চূড়ান্ত আইনে পরিণত হয়, তাহলে ভারত অর্থনৈতিক লোকসানের মুখে পড়বে। কারণ ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে। যদি ভারত তেল কেনা অব্যাহত রাখে, তাহলে বিল অনুযায়ী মার্কিন বাজারে রপ্তানি হওয়া সব ভারতীয় পণ্য ও পরিষেবার উপরে ১০০ শতাংশ শুল্ক চাপানোর অধিকার পাবে আমেরিকা। আর সেটা হলে ভারতের অর্থনীতিতে তার সরাসরি প্রভাব পড়বে।


ভারতীয় রপ্তানিকারক ও উৎপাদনকারীদের এর ফল ভুগতে হবে। ভারতের টেক্সটাইল, ওষুধ ও অলঙ্কারের মতো বিভিন্ন রপ্তানি পণ্যের উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপ হলে মার্কিন বাজারে এর দাম অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে অনেক পণ্যের দাম দ্বিগুণও হতে পারে। এর ফলে ভারতের রপ্তানিকারক ও উৎপাদনকারীদের নিজেদের লাভ ভুলে চড়া দামের জন্য আন্তজার্তক বাজারে বড় অর্ডার হারাতে হবে।

উল্লেখ্য, এর আগেও শুল্কনীতি নিয়ে আদালতের সামনে মুখ পুড়েছিল মার্কিন প্রশাসনের। এর মধ্যে ফের ভারত-সহ কয়েকটি দেশের উপর চড়া হারে মার্কিন শুল্ক চাপাতে চলেছে ট্রাম্পের প্রশাসন। এমন পরিস্থিতিতে ফের কি আদালতে ধাক্কা খাবে শুল্কনীতি? এখন সেটাই দেখার।