ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ আরও বাড়ল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে একটি প্রস্তাব পাস হয়েছে। ২১৫-২০৮ ভোটে গৃহীত ওই প্রস্তাব শুধুমাত্র বিরোধী ডেমোক্র্যাটদের সমর্থনেই নয়, ট্রাম্পের নিজস্ব রিপাবলিকান দলের কয়েক জন সদস্যের ভোটেও পাস হয়েছে। ফলে বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবটি উত্থাপন করেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিক্স। ভোটাভুটিতে রিপাবলিকান দলের ৪ সদস্যও প্রস্তাবের পক্ষে থাকেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে রিপাবলিকানদের একাংশের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। পরে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই আবহে ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি সামরিক অভিযান করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকা উচিত নয়।
তবে এই প্রস্তাব পাস হওয়া মানেই যুদ্ধ থেমে যাবে এমন নয়। বিলটিকে এখন মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে। সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। পাশাপাশি মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার পথ এখনও দীর্ঘ।
তবু রাজনৈতিক দিক থেকে এই ভোটাভুটির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ট্রাম্পের নিজের দলের সদস্যদের একাংশও যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, মার্কিন জনগণকে অনির্দিষ্টকালের জন্য আর একটি ব্যয়বহুল সংঘাতের মধ্যে জড়িয়ে রাখা উচিত নয়। যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপ নিয়েও উদ্বেগ বাড়ছে।
এদিকে ট্রাম্প নিজেও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক সংঘাতের চেয়ে শান্তি আলোচনা বেশি ফলপ্রসূ হতে পারে। আগামী সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।