ইরান নিয়ে আপাতত মাথাব্যথা নেই, ডেমোক্র্যাটদের ‘দুর্নীতি’ খুঁজতে ভান্সকে নির্দেশ ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আপাতত আর মাথা ঘামাতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তাঁর নজর এখন বিরোধী ডেমোক্র্যাটদের দিকে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ইরান থেকে নজর সরিয়ে ডেমোক্র্যাট শাসিত প্রদেশ ও শহরগুলিতে দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজেই একথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলিতে সরকারি অর্থের বিপুল অপচয় ও চুরি হচ্ছে। সেই টাকা উদ্ধার করতে পারলে আমেরিকার বাজেটের হাল ফিরবে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধকেই দায়ী করেছেন ভান্স। তাঁর বক্তব্য, যুদ্ধের বিপুল খরচ এবং তার জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের একাংশ মুখ ফিরিয়েছেন রিপাবলিকানদের থেকে। এমনকি যুদ্ধ বন্ধ করার পক্ষে তাঁর আগের পরামর্শও সঠিক ছিল বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট। ২০২৮-এর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভান্সের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

কিন্তু ট্রাম্পের অবস্থান একেবারেই আলাদা। ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনও চুক্তির প্রয়োজন নেই। সেই দিন শেষ। ইরানের কাছ থেকে আমরা বিপুল অর্থ পেয়েছি। হরমুজ প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’ এর পরেই ভান্সকে ডেমোক্র্যাট শাসিত প্রদেশগুলিতে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে পুরোপুরি মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ের মতো প্রদেশের নামও উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, প্রতি মাসে কোটি কোটি ডলার সরকারি অর্থ চুরি হচ্ছে।
প্রসঙ্গত, সরকারি প্রকল্পে দুর্নীতি ও অর্থের অপব্যবহার রুখতে চলতি বছরের মার্চেই একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করেছিলেন ট্রাম্প। তার মাথায় বসানো হয়েছিল ভান্সকে। এবার সেই কাজে আরও বেশি মনোযোগ দিতে বলেছেন প্রেসিডেন্ট। যদিও ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি তিনি।
 
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। ফলে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের উপর বিরোধীদের নজরদারি ও চাপ বাড়বে। রাজনৈতিক মহলের মতে, সেই পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তকে সামনে রেখে পাল্টা চাপ তৈরির কৌশল নিতে পারেন ট্রাম্প। অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের সম্ভাব্য মুখ ভান্স। তিনি ট্রাম্পের নির্দেশ মেনে বিরোধীদের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক হন এখন সেটাই দেখার।