বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও উপদূতাবাসগুলিতে ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, নতুন করে ইন্টারভিউয়ের দিনক্ষণ না জানানো পর্যন্ত কোনও আবেদনকারীর ভিসা সংক্রান্ত সাক্ষাৎকার নেওয়া হবে না। আগে থেকে নির্ধারিত কিছু অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই স্থগিতাদেশ কত দিন চলবে, তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন বিদেশ দপ্তরের বক্তব্য, ভিসা যাচাইয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সেই প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে পরে নতুন করে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করা হবে।
মার্কিন প্রশাসনের দাবি, প্রতিটি ভিসা সংক্রান্ত আবেদন আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্যই এই প্রশিক্ষণ। আবেদনকারী আমেরিকায় গিয়ে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তাঁর আমেরিকায় যাওয়ার পিছনে কী উদ্দেশ্য রয়েছে, এই বিষয়গুলি আরও গভীরভাবে যাচাই করবেন আধিকারিকরা। কোনও আবেদনকারীর ক্ষেত্রে আমেরিকার স্বার্থের পরিপন্থী কোনও বিষয় ধরা পড়লে ভিসা বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে।
ইতিমধ্যেই বিভিন্ন মার্কিন দূতাবাস ও উপদূতাবাস থেকে আবেদনকারীদের ই-মেল পাঠিয়ে ইন্টারভিউ স্থগিতের কথা জানানো হচ্ছে। তবে নতুন তারিখ এখনই জানানো হচ্ছে না। ফলে আগস্ট-সেপ্টেম্বরে আমেরিকায় পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়া ভারতীয় পড়ুয়াদের একাংশ সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময়েই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষাবর্ষের ‘ফল সেশন’ শুরু হয়।
ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ও ভিসা নীতিতে একের পর এক কড়া পদক্ষেপ করেছে মার্কিন প্রশাসন। আবেদনকারীদের সমাজমাধ্যমের কার্যকলাপ খতিয়ে দেখা, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ এবং ভিসা বন্ডের মতো ব্যবস্থাও চালু করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানও জোরদার হয়েছে।
এই পরিস্থিতিতে ভিসা আধিকারিকদের নতুন প্রশিক্ষণকে নিছক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন না ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে ভিসা দেওয়ার শর্ত এবং আবেদন যাচাইয়ের প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আসতে পারে। বিশেষ করে আবেদনকারীর উদ্দেশ্য, আমেরিকায় গিয়ে তাঁর সম্ভাব্য কার্যকলাপ এবং সরকারি পরিষেবার উপর নির্ভরশীলতার মতো বিষয়গুলি আরও গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন: আচমকা হড়পা বানে বিধ্বস্ত নেপাল , নিখোঁজ ১০৫ জন ভারতীয়
তবে এই প্রশিক্ষণের মাধ্যমে ঠিক কী কী বিষয়ে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে, সে সম্পর্কে মার্কিন বিদেশ দপ্তর বিস্তারিত কিছু জানায়নি। ফলে ভিসা ইন্টারভিউ ফের শুরু হলে আবেদনকারীদের জন্য নতুন কোনও শর্ত চালু হয় কি না, আপাতত সেটাই দেখার।