বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে মুসলিমরা। এমনই পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণার রিপোর্ট। ১৮ নভেম্বর প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে মুসলিমদের তুলনামূলক কম বয়সি জনসংখ্যা এবং বেশি জন্মহারের কারণে ইসলামের প্রসারের ঘটবে দ্রুত।
রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছুটা কম থাকবে। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে সেই হার বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। খ্রিস্টানদের অনুপাত অবশ্য প্রায় ২৯ শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে।
২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করেছে পিউ রিসার্চ সেন্টার। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯৯.৯৮ শতাংশ এই রিপোর্টের আওতায় রয়েছে।
কেন দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা?
গবেষকদের মতে, ধর্মান্তকরণের তুলনায় জন্মহারই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩.১। খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্য ধর্মীয় গোষ্ঠীর মহিলাদের ক্ষেত্রে গড় হার ১.৬।
এ ছাড়া মুসলিমদের গড় বয়সও অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় কম। ২০২০ সালে মুসলিমদের মধ্যবর্তী বয়স ছিল ২৪ বছর। খ্রিস্টানদের ক্ষেত্রে তা ৩১ বছর। অর্থাৎ, মুসলিম জনগোষ্ঠীর বড় অংশই সন্তানধারণের বয়সে পৌঁছচ্ছেন বা সেই বয়সের কাছাকাছি রয়েছেন।
পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিমদের ক্ষেত্রে জন্ম ও মৃত্যুর সংখ্যার ব্যবধান প্রায় ১৬০ কোটি হতে পারে। খ্রিস্টানদের ক্ষেত্রে এই সংখ্যা আনুমানিক ৭৯.২ কোটি। সব মিলিয়ে আগামী পাঁচ দশকে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে ৩০ শতাংশ। একই সময়ে বিশ্বের মোট জনসংখ্যা বাড়তে পারে ২৯ শতাংশ।
ধর্মান্তকরণ নয়, জন্মহারই বৃদ্ধির মূল কারণ
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে ধর্মান্তকরণকে দায়ী বলে মনে করছেন না গবেষকরা। সমীক্ষা মতে, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রায় ৯২ লক্ষ মানুষ খ্রিষ্টধর্ম গ্রহণ করতে পারে। অন্যদিকে, খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া প্রায় ৯০ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। অর্থাৎ দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ধর্মান্তকরণের কারণে খ্রিস্টান ধর্মে অনুসারীর সংখ্যা প্রায় ১০.৫ কোটি কমতে পারে। ইসলামের ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ আনুমানিক ৮০ লক্ষ। খ্রিস্টধর্ম ছেড়ে যাওয়া মানুষের বড় অংশই কোনও ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করবেন না বলে অনুমান।
ইন্দোনেশিয়াকে পিছনে ফেলবে পাকিস্তান
বিশ্বের মুসলিম জনসংখ্যার ভৌগোলিক বিন্যাসেও বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে গবেষণা। বর্তমানে মুসলিম জনসংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। কিন্তু ২০৭০ সালের মধ্যে সেই জায়গা দখল নিতে পারে পাকিস্তান।
২০২০ সালে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২২.৭ কোটি। ২০৭০ সালে তা বেড়ে ৪৬.১ কোটি হতে পারে। সেই নিরিখে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে পাকিস্তান। দ্বিতীয় স্থানে থাকবে ভারত। তার পরে নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বে মুসলিম জনসংখ্যার যে বৃদ্ধি হবে, তার প্রায় তিন-চতুর্থাংশই ঘটবে সেই সব দেশে, যেখানে ২০২০ সালেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন।
আরও পড়ুন: সাত ঘণ্টার অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
আফ্রিকায় বাড়বে খ্রিস্টান জনসংখ্যাও
বিশ্বের বৃহত্তম ধর্মের তকমা হারালেও খ্রিস্টান জনসংখ্যা কমবে না। বরং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে খ্রিস্টান ও মুসলিম— দুই জনগোষ্ঠীরই উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ওই অঞ্চলে খ্রিস্টান জনসংখ্যা ১২৯ শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ১৬৬ শতাংশ বাড়তে পারে।
২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিস্টান সাব-সাহারা আফ্রিকায় বসবাস করবেন বলে অনুমান। কঙ্গো প্রজাতন্ত্রের খ্রিস্টান জনসংখ্যা ২০২০ সালের ৯.২ কোটি থেকে বেড়ে ২০৭০ সালে ২৯.৯ কোটি হতে পারে। সেই সময় খ্রিস্টান জনসংখ্যার নিরিখে আমেরিকাকেও পিছনে ফেলে দিতে পারে এই দেশ।
অন্যদিকে, আমেরিকায় খ্রিস্টান জনসংখ্যা ২০২০ সালের ২১.৭ কোটি থেকে কমে ২০৭০ সালে ১৭.৪ কোটিতে দাঁড়াতে পারে। তবে খ্রিস্টধর্মই সেখানে বৃহত্তম ধর্মীয় পরিচয় হিসেবে থাকবে বলে পূর্বাভাস।
এই পূর্বাভাস কতটা ঠিক?
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এই পরিসংখ্যান ভবিষ্যদ্বাণী নয় বরং জনসংখ্যার বর্তমান প্রবণতার ভিত্তি তৈরি করা। জন্মহার, মৃত্যুহার, বয়সের বিন্যাস, অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো বিষয় বিশ্লেষণ করে এই সমীক্ষা তৈরি করা হয়েছে।
গবেষণায় ২০২০ সালকে ভিত্তি ধরে রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্যার তথ্য ব্যবহার করা হয়েছে। তবে যুদ্ধ, মহামারি, প্রাকৃতিক বিপর্যয় কিংবা আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন ভবিষ্যতের জনসংখ্যার ছবিকে বদলে দিতে পারে। তাই ২০৩৫ সালের পরিবর্তনও গবেষণার নির্দিষ্ট অনুমান ও জনসংখ্যাগত প্রবণতার উপর নির্ভরশীল।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=ohxXBZDArxoMtVHO” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>