পশ্চিম এশিয়ায় এখন যুদ্ধপরিস্থিতি। আর এমন পরিস্থিতিতে সেখানে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ভারত সরকার ইরান সফরের পাশাপাশি সেখানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করল।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকরা যাতে বর্তমানে ইরানে না যান। সেই সঙ্গে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার ভোর থেকে নতুন করে ইরান-ইজরায়েল সংঘাত শুরু হয়। আর নতুন করে সেখানে সংঘাত শুরু হওয়ার পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়া ইসফাহান, তাবরিজ-সহ একাধিক শহরেও বিস্ফোরণের ঘটেছে বলে জানা জানিয়েছে।
অন্যদিকে, ইজরায়েলি ডিফেন্স ফোর্স একটি বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলের সেনা হামলা চালিয়েছে।