পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-র আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সংগঠনের দাবি, গত চার দিনে রাওয়ালাকোট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৫০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। যদিও এই দাবি যাচাই করেনি দৈনিক স্টেটসম্য়ান।
জম্মু-কাশ্মীর যৌথ আওয়ামি অ্যাকশন কমিটির সদস্য সরদার উমর নাজির কাশ্মীরি অভিযোগ করেন, গত চার দিনে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর দমনমূলক পদক্ষেপ চালিয়েছে। তাঁর কথায়, এটি সাধারণ মানুষের বিরুদ্ধে ‘নৃশংস সন্ত্রাসের’ সামিল।
তিনি জানান, পিওকে-তে চলা আন্দোলনের সমর্থনে ইসলামাবাদে প্রাক্তন সেনেটর মুশতাক খান এবং সেখানে বসবাসকারী কাশ্মীরি ও পাকিস্তানি সম্প্রদায়ের মানুষ যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।
সরদার উমর নাজির বলেন, ‘কাশ্মীরি জাতির পক্ষ থেকে প্রাক্তন সেনেটর মুশতাক খান এবং ইসলামাবাদে বসবাসকারী কাশ্মীরি ও পাকিস্তানি ভাই-বোনদের ধন্যবাদ জানাই। তাঁদের এই প্রতিবাদ আমাদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা বহন করে।’
উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যৌথ আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলন টানা ৫৬ দিন ধরে চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের দমনমূলক নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। তবে নিহত ও আহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।