গরমে পুড়ছে ইউরোপ, ফ্রান্সের তাপমাত্রা ৪২ ডিগ্রি, গরমে মৃত ২ শিশু-সহ ২০

গরমের ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পার হতে আর বাকি মাত্র ৮ ডিগ্রি। গোটা ইউরোপ এখন যেন চুল্লির উপর দাঁড়িয়ে। কোথাও তাপমাত্রা ৩৮  তো কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশিরভাগ দেশে এখন গরমে ত্রাহি ত্রাহি রব। তবে ফ্রান্সের অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। এখানে বেশিরভাগ জায়গা তীব্র গরমে নাজেহাল।

স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত ছুটি ঘোষণা করেছে ফ্রান্স সরকার। গরমে পুড়তে থাকা ফ্রান্সের বন্ধ ৮৪৫টি স্কুল । ১৮০০টি স্কুলের পঠনপাঠনের সময় পাল্টে করা হয়েছে সকালে। প্রশাসন সূত্রে খবর, তীব্র গরমে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। ইতিমধ্যে ২০ জনের মৃত্য হয়েছে, যার মধ্যে রয়েছে ২ শিশুও।

সোমবার ফ্রান্সের সর্বোচ্চে তাপমাত্রা আগের সমস্ত রেকর্ড ভেঙে দাঁড়িয়েছে ৪২ ডিগ্রিতে। শহর বদোতে তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। অন্যদিকে মধ্যে ফ্রান্সের পইটিয়ার্স তাপমাত্রা ৪১.২ ডিগ্রি। তীব্র গরমে চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে ইতালি। পর্তুগালেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ইতালির ১২ টি শহর যেমন– মিলান, ভেনিস, তুরিন, বলোগনা, ফ্লোরেন্সে এবং রোমে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আগামী এক-দুই দিনের মধ্যেই আরও বাড়বে। তবে শুধু ফ্রান্স নয় একই ছবি দেখা গিয়েছে জার্মানিতেও। সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘর ছাড়িয়ে এগোতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনেই তা দাঁড়াবে ৪০-এ। জার্মানিতে তাপপ্রবাহে ৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন শহরে যানবাহন ব্যাহত হয়েছে গরমের কারণে।