ঢাকা, ২৩ ফেব্রুয়ারি– বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মহম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর পরিবর্তে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত তিনিই চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন এবং অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন ও সুযোগসুবিধা পাবেন।
এই ট্রাইবুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচার করছিল এবং তাঁকে মৃত্যুদণ্ডের রায় দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন। তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই বছরের সেপ্টেম্বরে ইউনূসই তাজুলকে চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করেছিলেন। তবে হঠাৎ করে কেন তাঁকে অপসারণ করা হল, সে বিষয়ে সরকার কোনও ব্যাখ্যা দেয়নি। তাজুলও এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই করেছিলেন তাজুল। আবার তিনিই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য পেশ করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হয়।
এদিকে সাম্প্রতিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। দলের শীর্ষ নেতা তারেক রহমান গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রশাসনে একাধিক রদবদল করেছেন। হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে নতুন সরকারের অবস্থান কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছেএর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিক বার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে। কিন্তু নয়াদিল্লি এখনও কোনও জবাব দেয়নি।