ঐক্যের বার্তা নিয়ে বিরোধী নেতাদের বাড়িতে যাচ্ছেন তারেক রহমান

প্রতিনিধিত্বমূলক চিত্র

নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আসছেন তারেক রহমান। এবার সেই বার্তাকে আরও বাস্তব রূপ দিতে বিরোধী দলগুলির শীর্ষনেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রথমেই জামায়াত-এ-ইসলামী বাংলাদেশ-এর আমীর শফিকুর রহমান-এর বাসভবনে যাবেন তারেক। এরপর তিনি সাক্ষাৎ করবেন ন্যাশনাল সিটিজেন পার্টি-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গেও। শপথগ্রহণের আগেই বিরোধী দলগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার ভিত্তি তৈরি করাই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

বিএনপি সূত্রে খবর, এই বৈঠকগুলিতে মূলত সৌজন্য বিনিময় হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিষয়েও আলোচনা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে। তার আগে বিরোধী নেতাদের সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।


শনিবার এক সাংবাদিক বৈঠকে তারেক রহমান বলেন, ‘এই জয় শুধুমাত্র একটি দলের নয়, বাংলাদেশের মানুষের জয়। আমরা সবাই মিলে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে চাই।’ তিনি আরও জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকার ও বিরোধী— উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পুত্র তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের নতুন সরকারের ভবিষ্যৎ নীতির দিকনির্দেশ করবে।