বাংলাদেশে অশান্তি অব্যাহত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই রবিবার ভোরে খাগড়াছড়িতে এক ছাত্রনেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। একের পর এক অশান্তির ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বার্তা দিতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়েত ইসলামীর প্রধান শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।
এর আগে গত ১৮ নভেম্বর দেশে চলতে থাকা অশান্তি নিয়ে মুখ খুলেছিলেন তারেক রহমান। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট বলেছিলেন, দেশে অরাজকতা বরদাস্ত করা হবে না। কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণএরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পাশাপাশি, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে অশান্তিতে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।
অন্যদিকে, হাসিনা দেশে ফিরলে আইন মেনেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। শনিবার মাগুরায় সাংবাদিকেদের তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশ অশান্ত করার ষড়যন্ত্র করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আইন অনুযায়ী, কোনও দেশে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দেশের হাতে প্রত্যর্পণ করার কথা। হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুন লাগানো নিয়ে হাসিনার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী।
আরও পড়ুন: ঢাকা-সহ একাধিক জেলায় সীমান্তরক্ষী বাহিনী নামাল তারেকের সরকার, ঘুঁটি সাজাচ্ছে বাংলাদেশ?
এদিকে, রবিবার ভোরে খাগড়াছড়িতে ছাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তথা ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে ৩টে নাগাদ বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোঁড়া হয়। কেরোসিন ঢেলে আগুন লাগানোরও চেষেটা করা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার পিছনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন সাদিক।
উল্লেখ্য ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। আইনজীবীর মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ করেছেন। পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। যদিও সেই চিঠির কোনও জবাব এখনও মেলেনি বলে খবর। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাঁক মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। হাসিনা দেশে ফিরলে সেই সাজা কার্যকর করা হবে বলে একাধিক মন্ত্রী দাবি করলেও এ বিষয়ে সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা যেমন বাড়ছে, তেমনই ঐক্য প্রতিষ্ঠায় তারেক হরমানের উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=t78C_c9x-04FRn-z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>