রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেই প্রথম সরকারিভাবে নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের সরকার প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস উইং মঙ্গলবার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আধঘণ্টা ধরে চলবে এই বৈঠক। রাষ্ট্রপুঞ্জের সচিবালয় ভবনের ৩৪ তলায় হবে দু’জনের বৈঠক।বৈঠকের পরেই রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ সভায় বক্তৃতা করার কথা তারেকের। বৃহস্পতিবারই পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তৈরি হওয়া সঙ্কট নিয়ে একটি আলোচনাসভাতেও যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্র ও শনিবার নিউ ইয়র্কে তাঁর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। রবিবার ঢাকায় ফেরার কথা তারেকের।তারেকের দল বিএনপি গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বড় জয় পাওয়ার পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছিল পাকিস্তান। নির্বাচনের ফল প্রকাশের পরেই তারেককে অভিনন্দন জানিয়েছিলেন শাহবাজ। প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি।সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পরিকাঠামো নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ করে ‘বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি’ বা বিওএফ-র আধুনিকীকরণ নিয়ে চুক্তির বিষয়টি উঠতে পারে। আলোচনা চূড়ান্ত হলে বিওএফের আধুনিকীকরণে পাকিস্তানের সেনা সরাসরি সাহায্য করতে পারে। পাশাপাশি, দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির পথও খুলতে পারে।