‘শক্তিশালী, জ্ঞানী মানুষ’, প্রধানমন্ত্রী পদে রেকর্ড মেয়াদের জন্য মোদীর প্রশংসায় ট্রাম্প

Image: IANS

একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার নতুন রেকর্ড এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দখলে। এই সাফল্যের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা আসতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে মোদীকে ‘শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী নেতা’ বলে অভিনন্দন জানিয়েছেন। জবাবে মোদী ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার আশা ব্যক্ত করেছেন।

পোস্টে ট্রাম্প বলেছেন, ‘আমার বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন – তিনি একজন মহান ব্যক্তি। তিনি একজন শক্তিশালী, স্বাস্থ্যবান এবং জ্ঞানী মানুষ এবং তাঁর সামনে সাফল্যের অনেক বছর রয়েছে।’  শুভেচ্ছা জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, জর্জিয়া মেলোনি, অনুরা কুমারা দিশানায়েকে, মোহাম্মদ মুইজ্জু, মার্ক কার্নি-সহ একাধিক বিশ্বনেতা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানান এবং মোদীও তাঁকে ধন্যবাদ জানান। এক্স-এ দেওয়া এক পোস্টে মোদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী কার্নি, আপনার সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আত্মবিশ্বাসী যে আমাদের জনগণের কল্যাণে ভারত-কানাডা অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাতে থাকবে।’

প্রধানমন্ত্রী মোদী জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে ধন্যবাদ জানিয়েছেন।এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ চ্যান্সেলর মের্জ। আমরা আমাদের জনগণের স্বার্থে ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা গভীর করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’


প্রধানমন্ত্রী মোদী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকেও ধন্যবাদ জানিয়েছেন। পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘আপনার সহৃদয় মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ভন ডার লেয়েন। বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন এবং নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইইউ অংশীদারিত্ব উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে। আমাদের জনগণ এবং বিশ্বের কল্যাণে আমরা একসঙ্গে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করে যাব।’

সংবদ সংস্থা এএনআই সূত্রে খবর, মোদী পোস্টে বলেন, ‘আজ এবং গত কয়েকদিন ধরে সর্বস্তরের মানুষের পাঠানো শুভেচ্ছায় আমি গভীরভাবে অভিভূত। যদিও আমি প্রতিটি বার্তার আলাদাভাবে উত্তর দিতে পারিনি, তবুও পাঠানো প্রতিটি শুভেচ্ছা আমার কাছে অমূল্য।’