রাশিয়ার কামচাটকায় জোরালো ভূমিকম্প, কম্পনের মাত্রা ছুঁল ৭-এ

প্রতীকী চিত্র

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। সেখানকার কামচাটকা এলাকার পেনিনসুলা অঞ্চলে শুক্রবার সকালে জোরালো কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (EMSC)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পরপরই কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল রাশিয়ার পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪৬ কিলোমিটার দূরে এবং ওজেরনোভস্কি শহর থেকে উত্তর-পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (US NTWC) জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির কোনও আশঙ্কা নেই। সংস্থাটির হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৯২ মাইল। এর অবস্থান ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি নিয়ে উদ্বেগ তৈরি হলেও মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই কম্পনের কারণে এখনই কোনও ভয়াবহ সুনামির আশঙ্কা নেই।


আরও পড়ুন: পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত অন্তত ২৯, আহত ৪০-এরও বেশি

উল্লেখ্য, কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় এই অঞ্চলে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির প্রবণতা দেখা যায়। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।