উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে এই সিদ্ধান্তে সায় দিচ্ছে না রাশিয়া। মস্কোর স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে কোনও ধরনের অবরোধ তারা সমর্থন করে না। যদিও সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি কূটনৈতিক আলোচনার পর ভারত-সহ একাধিক দেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেয় তেহরান। তবে রবিবার ফের কড়া সুরে সতর্ক করে ইরান জানায়, প্রয়োজনে তারা পুরো প্রণালী বন্ধ করে দিতে পারে।আমেরিকা যুক্তরাষ্ট্রের তরফে হামলার হুঁশিয়ারির পরেই এই বার্তা আসে। যদিও এতদিন ইরানের পাশে থাকা রাশিয়া এই ইস্যুতে ভিন্ন অবস্থান নিল।
চার সপ্তাহ ধরে চলা সংঘর্ষের আবহে হরমুজ প্রণালী কার্যত আংশিক নিয়ন্ত্রণে রেখেছে ইরান। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে ভারত, চিন, পাকিস্তান, টার্কি এবং জাপানের জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ইতালিও তেহরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী রাশিয়া। ইউক্রেন ইস্যুতে সমর্থন বন্ধ করলে ইরানের পাশে না থাকার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল। যদিও মস্কো এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে।
এর মধ্যেই ইরানি নববর্ষ উপলক্ষে বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলে উল্লেখ করেন। কঠিন সময়ে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তবে সবশেষে হরমুজ প্রণালী অবরোধের প্রশ্নে রাশিয়ার আপত্তি স্পষ্ট করে দিল, এই ইস্যুতে দুই দেশের অবস্থানে সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়েছে।