স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী, ভারতীয়দের উৎসর্গ মোদীর

Image: IANS

স্লোভাকিয়া সফরে গিয়ে আরও একটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে ঐতিহ্যবাহী রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয়। স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ প্রদান করা হয়। এর ফলে প্রধানমন্ত্রীর প্রাপ্ত আন্তর্জাতিক সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ।

গত ১২ বছর ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মোদী। এই সময়ে বিশ্বের নানা দেশে সরকারি সফরে গিয়ে তিনি একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’ সম্মান পান। এরপর ২০১৮ সালে ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’  সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে।

উল্লেখযোগ্যভাবে, বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইথোপিয়া-র সর্বোচ্চ সম্মানও লাভ করেন মোদী। চলতি বছর ইতিমধ্যেই তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ পেয়েছিলেন। এবার তাঁর মুকুটে যোগ হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান।


সম্মান গ্রহণের পর সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে  প্রধানমন্ত্রী লিখেছেন, বাতিস্লাভায় এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়ে তিনি গর্বিত। তিনি স্লোভাকিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি জানান, এই সম্মান  ভারতের ১৪০ কোটি মানুষের উদ্দেশে উৎসর্গ করছেন।

পাশাপাশি ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের নতুন নজির গড়ার পরই তাঁর বিদেশ সফর বিশেষ তাৎপর্য বলে মনে করা হচ্ছে।