প্রথমবার নিউজিল্যান্ড সফরে মোদী, বড় ঘোষণা ক্রিস্টোফার লাক্সনের, নতুন সম্ভাবনা!

PM Modi-Cristofer Luxen Photo-SNS

প্রথমবার সরকারি সফরে নিউজিল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ ও ১১ জুলাই তাঁর ২ দিনের সফর। তার আগে বড় ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি জানিয়েছেন, ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তির ফলে নিউজিল্যান্ডের ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হবে। দিল্লিতে রপ্তানি হওয়া নিউজিল্যান্ডের মোট পণ্যের ৫৭ শতাংশ প্রথম দিন থেকেই শুল্কমুক্তির সুবিধে পাবে। এক্স-এ করা পোস্টে লাক্সন বলেন, এই চুক্তি নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের জন্য ভারতীয় বাজারে প্রবেশ আরও সহজ করবে এবং দেশের রপ্তানিতে গতি আনবে।

চলতি বছরের এপ্রিলে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, নিউজিল্যান্ড থেকে ভারতে আমদানি হওয়া প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর শুল্ক তুলে দেওয়া হবে। অন্যদিকে, ভারতের সব রপ্তানি পণ্য নিউজিল্যান্ডে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ফলে দুই দেশের ব্যবসায়ী এবং রপ্তানিকারীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে।

শুধু বাণিজ্য নয়, বিনিয়োগের ক্ষেত্রেও বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। নিউজিল্যান্ড ভারতের অর্থনীতিতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত-নিউজিল্যান্ড পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। পণ্য-পরিষেবা মিলিয়ে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছায় প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি, এবং পর্যটন ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


সফরকালে প্রধানমন্ত্রী মোদী ও ক্রিস্টোফার লাক্সনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেখানে মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি, শিক্ষা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত-নিউজিল্যান্ড কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।