নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। কানাডার মন্ট্রিয়াল থেকে আসা একটি যাত্রীবাহী বিমান রানওয়ে ৪-এ নামার সময় একটি দমকলের গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট ও কো-পাইলটের। এছাড়া অন্তত ১৩ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজন দমকলকর্মী রয়েছেন। দুর্ঘটনার পর উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সময় অনুসারে, রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কানাডা এক্সপ্রেস সিআরজে-৯০০ একটি বিমানটি লা গার্ডিয়া বিমানবন্দরে ঠিকমতো অবতরণ করে। কিন্তু তারপরই ঘটে যায় দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে পিচ্ছিল রানওয়ে দিয়ে যাওয়ার পথে সামনে দাঁড়িয়ে থাকা দমকলের একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বিমানটি। মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। হুলুস্থূল পড়ে যায় বিমানবন্দর জুড়ে। আহত দমকলকর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
সমাজ মাধ্যমে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের সামনের অংশ দুমড়মুচড়ে গিয়েছে। বিমান এবং দমকলের গাড়ি থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে। প্রাথমিক ভাবে খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে। যদিও বিস্তারিত রিপোর্ট এখনও মেলেনি। মার্কিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আপাতত লা গার্ডিয়া বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করেছে। এই বিমানবন্দরমুখী সব উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে কেনেডি বিমানবন্দরের দিকে। বিমানটিতে ৪ ক্রু এবং ৭২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে নিউইয়র্ক এলাকার একদল অর্থোডক্স ইহুদি ছিল।
নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার সময় আতঙ্ক ছড়ায় ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’ (এটিএস)-এর কক্ষের মধ্যে। একজন কন্ট্রোলার ক্রমাগত বলতে থাকেন, ‘থামুন, থামুন, থামুন…!’ তিনি বিমানকে ছুটে আসতে দেখেছিলেন। একটি দমকল ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে তাও তাঁর চোখে পড়ে।
প্রাথমিক ধারনা, এটিএস ট্রাকের চালককে আগে সতর্ক করেছিল এবং থামার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে চালক ট্রাকটি চালিয়ে যান। দুর্ঘটনার পরে প্রকাশিত একটি অডিও ক্লিপে শোনা গিয়েছে কন্ট্রোলারের উত্তেজিত কণ্ঠস্বর, ‘থামুন, থামুন, থামুন।‘ কন্ট্রোলার বারবার চেষ্টা করেছেন ট্রাককে থামাতে, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
ক্লিপ অনুযায়ী, প্রথমে সবই স্বাভাবিক ছিল। ট্রাকটি ৪ নম্বর পয়েন্ট অতিক্রম করছিল এবং কন্ট্রোলার তাকে মনিটর করছিলেন। কিন্তু এর কিছু সময় পরে সংঘর্ষ ঘটে। বিমানটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রাকের উপরে উঠে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানের নাকের অংশ ভেঙে গিয়েছে।
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিমানবন্দর ও এটিএস-এর নজরে কি আসেনি ট্রাক রানওয়েতে দাঁড়িয়ে আছে? ট্রাকটি আগেভাগে সরানো হয়নি কেন? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে এটিএস-এর বার্তালাপ এবং কন্ট্রোলারের বারবার সতর্কবার্তার প্রমাণ রয়েছে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। এই ঘটনা লা গার্ডিয়া বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছে।