‘রক্তের বদলে রক্ত’, ইরানের বিলবোর্ডে ট্রাম্পের পরিবারের সদস্যদের কফিনের ছবি

Image: IANS

আমেরিকা-ইরান উত্তেজনার মধ্যেই তেহরানে নতুন করে বিতর্কিত বিলবোর্ড প্রকাশ করেছে ইরান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের ছবি দেখানো হয়েছে কফিনের পাশে। সেখানে লেখা হয়েছে, ‘রক্তের বদলে রক্ত’। এই বার্তাকে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।

তেহরানের একটি গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো ওই বিশাল ব্যানারে মার্কিন পতাকায় মোড়া কফিনের ছবি রয়েছে। ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া এবং ৫ সন্তান ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের পিছনে জ্বলন্ত হোয়াইট হাউসের ছবিও দেখা যাচ্ছে।

এর আগে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারেও একটি বিলবোর্ড বসানো হয়েছিল। যেখানে ট্রাম্পকে কফিনের মধ্যে দেখানো হয়। ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বার্তা প্রচারের জন্য জনসমক্ষে থাকা বড় বড় বিলবোর্ড ব্যবহার করে আসছে। সাম্প্রতিক সময়ে যুদ্ধ ও প্রতিশোধের বার্তা ছড়াতে এই ধরনের প্রচার আরও বেড়েছে।


ইরানের এই প্রচারের পিছনে রয়েছে প্রতিশোধের হুঁশিয়ারি। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্প্রতি দাবি করেছেন, হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তাঁর বক্তব্য, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা শান্তিতে জীবন শেষ করতে পারবে না।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের হুমকির জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁকে হত্যার চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা হবে। ট্রাম্পের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি ইরানের লক্ষ্যবস্তু।

উল্লেখ্য, কাসেম সোলেইমানি হত্যার পর থেকেই ট্রাম্প ইরানের কাছে অন্যতম বড় শত্রু হিসেবে বিবেচিত হয়ে আসছেন। কাসেম সোলেইমানি ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন শীর্ষ মেজর জেনারেল এবং তাদের বৈদেশিক অভিযান পরিচালনাকারী শাখা ‘কুদস ফোর্স’-এর প্রধান কমান্ডার।

এদিকে এরই মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতও জোরদার হয়েছে। পশ্চিম এশিয়ায় ফের বড় সংঘাতের বাতাবরণ সৃষ্টি হয়েছে। গোটা বিশ্ব পরিস্থিতির দিকে নজর রাখছে।