কোকেনের প্যাকেটে হালান্ডের ছবি, ইকুয়েডরে উদ্ধার ৪৬৯ কেজি মাদক

Photo: X

ফুটবল মাঠে গোল দেওয়ার সুবাদে নরওয়ের তারকা আর্লিং হালান্ড এখন পরিচিত নাম। জুলাই মাসে বিশ্বকাপের চারটি ম্যাচে সাতটি গোল করে সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন নরওয়ের এই তারকা ফুটবলার। আর্লিং হালান্ডের মুখ বিলবোর্ড, ট্রেডিং কার্ড, টেলিভিশনের পর্দায় বারংবার দেখা গিয়েছে। তাঁর ছবি এবার দেখা গেল কোকেনের প্যাকেটে। কলম্বিয়া সীমান্তের কাছে একটি ট্রাক থেকে হালান্ডের ছবি ছাপানো ৩৭০টি সবুজ প্যাকেট-সহ প্রায় ৪৬৯ কেজি কোকেন উদ্ধার করেছে ইকুয়েডরের পুলিশ।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে প্যান-আমেরিকান হাইওয়েতে অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় তার মেঝের নীচে নকল পাটাতন বা গোপন কুঠুরি দেখতে পান তদন্তকারীরা। সেটি খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকভর্তি প্যাকেট। পুলিশ প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, প্রতিটি প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ছাপা রয়েছে হালান্ডের ছবি। তবে কেন নরওয়ের এই ফুটবলারের ছবি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে পুলিশের তরফে কোনও ব্যাখ্যা মেলেনি।

তদন্তকারীদের মতে, মাদক পাচারকারীদের মধ্যে এই ধরনের ‘ব্র্যান্ডিং’ নতুন নয়। কোন অপরাধী চক্র চালানটি তৈরি করেছে বা কোন ক্রেতার কাছে তা পাঠানো হচ্ছে, তা বোঝাতে প্রায়ই বিখ্যাত ক্রীড়াবিদ বা সেলিব্রিটিদের ছবি ব্যবহার করা হয়। এর আগে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ছবিযুক্ত কোকেনের প্যাকেটও উদ্ধার হয়েছে।


আরও পড়ুন: মা ও ভাইকে খুন করতে নিয়েছিল চ্যাটজিপিটির সাহায্য, গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত কিশোর

ঘটনায় মারিয়া আর. নামে কলম্বিয়ার পরিচয়পত্রধারী এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তুলকানের কাছে গুয়াগুয়া নেগ্রো এলাকা থেকে তাঁকে ধরা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার হওয়া কোকেনের স্থানীয় বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৪২ হাজার ডলার। আমেরিকায় এর মূল্য ১ কোটি ১০ লক্ষ ডলারেরও বেশি এবং ইউরোপে প্রায় ১ কোটি ৯৬ লক্ষ ডলার। চলতি বছরের প্রথম ছ’মাসে ইকুয়েডরে ৮০ টন মাদক বাজেয়াপ্ত হয়েছে।