শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। সোমবার সকালে ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের জেরে দেশের কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের কাছে সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রের নিচে।

ভূমিকম্পের পর ফিলিপাইনের নয়টি উপকূলীয় প্রদেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আশেপাশের কয়েকটি এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। কিছু এলাকায় বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু সংস্থাও দেশের উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৫টা ৭ মিনিটে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ফিলিপাইনে আঘাত হানে। এর কয়েক মিনিট পর ৬.৪ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। তবে এত শক্তিশালী ভূমিকম্পের ক্ষেত্রে সুনামির আশঙ্কা থাকায় দ্রুত সতর্কতা জারি করা হয়েছে।