বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত ১২, আহত ৩০

প্রতীকী চিত্র

ফের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। সেখানকার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শনিবার একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। মৃতদের মধ্যে ৭ জন পুলিশকর্মী বলে জানা গিয়েছে। ইসমাইল খান শহরের এক পুলিশ চৌকিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পাওয়ার পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। টিটিপি আফগান তালিবান থেকে পৃথক একটি সংগঠন। যদিও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আফগান তালিবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে।


সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার অনেকগুলির দায় টিটিপি ও বালুচিস্তানকেন্দ্রিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে। সর্বশেষ হামলার মাত্র দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালিবান যোদ্ধা নিহত হয়েছে বলে পাকিস্তান সরকার জানিয়েছে।

আরও পড়ুন: কঙ্গোয় বিমান দুর্ঘটনায় মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

এর আগে চলতি সপ্তাহে আফগানিস্তানের ভিতরে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলা চালানোর ঘটনাও দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে টিটিপি সদস্যরা পাকিস্তানে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। ইসলামাবাদ কাবুলকে সীমান্তপারের হামলা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে চিন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় শান্তি প্রচেষ্টা ও অনিশ্চয়তার মুখে পড়েছে।