নিউইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার, ফের বিতর্কে মেয়র জোহরান মামদানি

Johoran Mumdani Photo-SNS

আবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে ফের মন্তব্য করেছেন মামদানি। বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট নেতা।

নিউ ইয়র্ক টাইমস-এর ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে মামদানি বলেন, তাঁর মতে, গাজায় সংঘাতের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে অভিযোগ এনেছে তা অত্যন্ত গুরুতর। তাঁর কথায়, ‘আমার বিশ্বাস, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা উচিত।’

তাঁর এই মন্তব্যের পরই ফের শুরু হয়েছে আইনি বিতর্ক। কারণ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সদস্য নয়। ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের কোনও বাধ্যবাধকতা নেই। এই বাস্তবতার কথা উল্লেখ করে মামদানি বলেন, আইন ভেঙে কোনও পদক্ষেপ করা হবে না। তিনি জানান, ‘আমরা আইন বিভাগের সঙ্গে আলোচনা করছি। আইনের বাইরে গিয়ে কিছু করার প্রশ্নই নেই। আইন মেনেই যা করার করা হবে।’


প্যালেস্তিনীয়দের অধিকারের পক্ষে বরাবরই সরব মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রচার চলাকালীনও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু শহরে এলে আইসিসির পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। তাঁর মন্তব্যে প্রকাশ, সেই অবস্থান থেকেই তিনি এখনও সরে আসেননি।

উল্লেখ্য, ২০২৪-এ গাজা যুদ্ধকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। যদিও ইজরায়েল অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আইসিসির ওই পরোয়ানাকে বারবার ‘ভিত্তিহীন’ বলে সমালোচনা করেছেন।

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, মামদানির মন্তব্যে তাঁরা বিচলিত নন। তাঁর দাবি, নির্ধারিত সূচি মেনেই সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু। একই সুরে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজও মামদানির মন্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, ফলে আদালতের পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতাও তাদের নেই।