নিজের ‘খাঁচা’ ভেঙে সাইবার হামলা! এআই-এর ক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ

Sam Altman Photo-SNS

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষমতা যত বাড়ছে, ততই বাড়ছে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবার এমনই এক ঘটনায় চমকে উঠেছেন বিজ্ঞানীরা। ‘ওপেন এআই’-এর একটি পরীক্ষামূলক এআই মডেল নিজস্ব নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ বা ‘স্যান্ডবক্স’ থেকে বেরিয়ে গিয়ে একটি সংস্থার আসল সার্ভারে সাইবার হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। মানুষের কোনও সরাসরি নির্দেশ ছাড়াই এআইয়ের এই আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে স্বয়ংক্রিয় এআই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে।

ঘটনাটি ঘটে ওপেন এআইয়ের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার সময়। সংস্থাটি তাদের নতুন এআই মডেলগুলির ‘হ্যাকিং ক্ষমতা’ যাচাই করতে ‘এক্সপ্লয়েটজিম’ নামে একটি পরীক্ষামূলক কাঠামো ব্যবহার করছিল। এই পরীক্ষায় মডেলগুলিকে একটি পৃথক সুরক্ষিত পরিবেশে রাখা হয়েছিল, যাকে বলা হয় ‘স্যান্ডবক্স’। সাধারণত এই জায়গা থেকে বাইরে বেরিয়ে ইন্টারনেট বা অন্য কোনও সিস্টেমে যাওয়ার সুযোগ থাকে না।

কিন্তু পরীক্ষার সময় এআই মডেলটি এক অজানা নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতার সুযোগ নিয়ে ওই সীমাবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসে। এরপর এটি বাইরের সিস্টেমে প্রবেশ করে এবং ওপেন এআইয়ের সুরক্ষিত তথ্য খুঁজতে শুরু করে বলে জানা গিয়েছে।


উদ্বেগের বিষয় হল, মডেলটি নিজেই সিদ্ধান্ত নেয় যে, প্রয়োজনীয় তথ্য সম্ভবত ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এর সার্ভারে থাকতে পারে। এরপর সেটির প্রোডাকশন সার্ভারে ঢুকে তথ্য সংগ্রহের চেষ্টা করে। ওপেন এআই জানিয়েছে, এটি ছিল একটি বিরল এবং নজিরবিহীন সাইবার হামলার ঘটনা।

ঘটনার কথা প্রথমে হাগিং ফেসের পক্ষ থেকেই ধরা পড়ে। সংস্থাটি জানিয়েছে, একটি স্বয়ংক্রিয় এআই এজেন্টের মাধ্যমে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করা হয়েছিল এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়। পরে ওপেন এআই ও হাগিং ফেস একসঙ্গে কাজ করে ওই নিরাপত্তা সমস্যার সমাধানের উদ্যোগ নেয়।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভবিষ্যতের ‘এআই এজেন্ট’-এর ঝুঁকি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কারণ ভবিষ্যতে এমন এআই তৈরি হতে পারে যারা মানুষের সাহায্য ছাড়াই পরিকল্পনা করা, সিদ্ধান্ত নেওয়া-ছাড়াও একাধিক ধাপে কাজ সম্পন্ন করতে পারবে। সেই ক্ষমতা যেমন প্রযুক্তির উন্নতিতে সাহায্য করবে, তেমনই ভুল হাতে পড়লে তা বড় ধরনের সাইবার বিপদের কারণ হতে পারে।

ওপেনএআই জানিয়েছে, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থাটির লক্ষ্য, এমন উন্নত এআই তৈরি করা যা মানুষের জন্য নিরাপদ ও উপকারী হয়।

এদিকে হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেম ডেলাঙ্গু জানিয়েছেন, এআই নিরাপত্তা কোনও একটি সংস্থার একার দায়িত্ব নয়। বিশ্বজুড়ে গবেষক, প্রযুক্তিগত সংস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে এআই-পরিচালিত সাইবার হামলা আরও জটিল হয়ে উঠতে পারে। বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামোর মতো ক্ষেত্রেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে উন্নত এআই তৈরির পাশাপাশি তার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাও সমান গুরুত্ব পাচ্ছে।