ভয়াবহ তুষারধসের কবলে নেপাল, ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ অন্তত ১০

Photo: Statesman

গত মাসে বন্যাবিধ্বস্ত নেপালের ভয়াবহতার চিত্র সামনে এসেছে। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রকৃতির রোশের মুখে নেপাল। রবিবার সকালে তুষারধসে একেবারে তছনছ তিব্বত সীমান্ত। নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতে তুষারধসের ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়ার জন্য পর্বতারোহীদের অনেকেই নীচে নেমে এসেছিলেন। এর মধ্যেই তুষারধসের ঘটনা ঘটে। ঘটনায় অন্ত ১০ জন পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী ও বিভিন্ন অভিযানের সহায়ক কর্মীরাও ছিলেন।

হিমলুং হিমাল নেপালের অন্যতম জনপ্রিয় উচ্চ-উচ্চতার পর্বতারোহণ কেন্দ্র। নতুন ও অভিজ্ঞ পর্বতারোহীদের কাছে এই পর্বত বিশেষ আকর্ষণীয়। অনেকেই আরও উঁচু শৃঙ্গে ওঠার আগে অভিজ্ঞতা অর্জনের জন্য হিমলুং হিমাল বেছে নেন। ট্রেকিংয়ের অন্যতম এক আয়োজক মিংমা গিয়ালজে শেরপা জানিয়েছেন, তুষারধসের ঘটনায় তাঁর দলের রান্নার দায়িত্বে থাকা ২ জন কর্মীরও এখন সন্ধান মেলেনি।

গত কয়েকদিন ধরে ওই এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছিল। আবহাওয়ার অবনতি হতে থাকায় গত সপ্তাহেই অভিযানের সঙ্গে যুক্ত অনেক দল ও রোপ-ফিক্সিং কর্মীরা পাহাড়ের ঢাল থেকে নীচে নেমে এসেছিলেন। তবে সতর্কতার পরেও কিছু মানুষ বেস ক্যাম্প এলাকায় থেকে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে হিমলুং হিমালে পর্বতারোহণ অভিযানও ইতিমধ্যে ব্যাহত হয়েছিল। তুষারধসের পর নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করেছে।


তুষারধসের আগে নেপালের পর্যটন দপ্তরও খারাপ আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছিল। ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রঝড়, প্রবল হাওয়া ও উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এর পাশাপাশি ভূমিধস, বন্যা ও মাটি ধসের আশঙ্কার কথাও বলা হয়। ট্রেকিং এজেন্সিগুলির সংগঠনও পর্যটক ও পর্বতারোহীদের ওই সময় ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।

আরও পড়ুন: জি৪-এ ফাটল? ভারত-ব্রাজিলের পাশে মস্কো, জামার্নি ও জাপানকে নিয়ে ভিন্ন সুর

খারাপ আবহাওয়ার প্রভাব শুধু হিমলুং হিমালেই সীমাবদ্ধ নেই। নেপালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে সড়কপথে যোগাযোগ এবং ট্রেকিং রুটও ব্যাহত হয়েছে। মানাসলু ও ধৌলাগিরি অভিযানের ক্ষেত্রেও খারাপ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর পর্বতারোহীদের বেস ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হয়েছে।