ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলনে প্রায় ১৬ মাস পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, মিশর ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী এক্সে লেখেন, ‘বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে শক্তিশালী করব।’ সেই বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি কূটনীতি ও আন্তর্জাতিক আইন মেলে চলার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে শুধু সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে নয়, এর পাশাপাশি আরও অনেকের সঙ্গে বৈঠক করেছেন মোদী। জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে মোদী বৈঠক করেছেন। জানা গিয়েছে, সকলের সঙ্গেই নরেন্দ্র মোদীর প্রযুক্তি, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় এই প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি উঠে এসেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার জি-৭ সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হওয়ার পরে করমর্দন ও সৌজন্য বিনিময়ে করেছেন। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে অতীতের মতো উষ্ণ আলিঙ্গনের দৃশ্য এবার চোখে পড়েনি। সূত্রের খবর, বৈঠকের ফাঁকে মোদী ও ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠকে বাণিজ্যচুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি এবং ইরান ও ইউক্রেন-সংক্রান্ত আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।