কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে ভারতীয় এক তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা জেলার সামরালার বাসিন্দা ২৩ বছরের দমনপ্রীত কৌরকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন সঙ্গী রীতিশ কুমারের বিরুদ্ধে। এডমন্টন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৯ জুলাই সন্ধ্যায় সিলভারবেরি এলাকার একটি বাড়ি থেকে গুরুতর আহত এক তরুণীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অচৈতন্য অবস্থায় দমনপ্রীতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তাঁর সঙ্গী রীতিশ কুমারকে আটক করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ১২ জুলাই হাসপাতালে দমনপ্রীতের মৃত্যু হয়।
১৪ জুলাই ময়নাতদন্তের পর তদন্তকারীরা প্রথমে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে চিহ্নিত করেন। পরে পুলিশ জানায়, শ্বাসরোধের ফলেই দমনপ্রীতের মৃত্যু হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লিভ-ইন সঙ্গীর সঙ্গেই বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে সম্পর্কে কোনও টানাপোড়েন বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের দাবি, প্রায় পাঁচ বছর আগে উচ্চশিক্ষার জন্য কানাডায় যান দমনপ্রীত। মেয়েকে বিদেশে পড়তে পাঠাতে তাঁর বাবাকে ঋণও নিতে হয়। মেয়ের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁরা চান, দ্রুত দেহ ভারতে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করতে। কিন্তু আন্তর্জাতিক পরিবহণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
অর্থ সংগ্রহ করতে পরিবারের পক্ষ থেকে অনলাইনে তহবিল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে বিদেশে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।