জি-সম্মলনের ফাঁকে মোদী ট্রাম্প বৈঠক, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা

ফ্রান্স সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। শনিবার এই বৈঠকের কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বুধবার দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বৈঠকে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি-সহ একাধিক পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্স সফর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রেসিডন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক এবং ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি আগ্রহী। আজ ফ্রান্সের নিস শহরে প্রেসিডন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

এই সফরেই দুই নেতা যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ সংস্থা ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলির প্রতিনিধিরা অংশ নেবেন। উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী মোদী স্লোভাকিয়া সফরে যাবেন। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফরে যাবেন। যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে।