স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা মোদী-মেলোনির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারত-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশ তাদের সম্পর্ককে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মোদী। পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ জ্বালানির মতো একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার কথাও জানিয়েছেন তিনি।

যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলেছেন, ভারত ও ইতালি একসঙ্গে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত কার্যকর করার লক্ষ্যে কাজ করবে, যাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায় সর্বাধিক সুবিধা পেতে পারে। এই বিষয়ে সহযোগিতার জন্য জর্জিয়া মেলোনিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ এবং বেসামরিক পারমাণবিক শক্তির মতো ভবিষ্যতমুখী ক্ষেত্রগুলিতে ভারত ও ইতালির মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। দুই দেশের স্টার্টআপ, গবেষণা কেন্দ্র এবং শিল্প সংস্থাগুলিকে একত্রিত করতে একটি ভারত-ইতালি উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন তিনি।


সন্ত্রাসবাদ ইস্যুতেও দুই দেশের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি। ভারত ও ইতালি শুধু সন্ত্রাসের নিন্দাই করে না, তার আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতেও একসঙ্গে কাজ করছে।’ একই সঙ্গে ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন, সব সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।

অন্যদিকে, জর্জিয়া মেলোনি এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম দ্বিপাক্ষিক ইতালি সফর। তাঁর কথায়, ‘আজ আমরা শুধু অতীতের ব্যবধান পূরণ করছি না, ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী সম্পর্ক গড়ার পথও তৈরি করছি।’

দুই দেশের মধ্যে ‘জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান ২০২৫-২০২৯’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদী। তিনি বলেছেন, এই পরিকল্পনা দুই দেশের অংশীদারিত্বকে আরও কার্যকর ও ভবিষ্যতমুখী কাঠামো দেবে। বর্তমানে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দুই দেশ ২০ বিলিয়ন ইউরো বাণিজ্য লক্ষ্যের দিকে এগোচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতালিতে বর্তমানে ৮০০-রও বেশি ইতালীয় সংস্থা ভারতে কাজ করছে এবং ভারতের উন্নয়নের অংশীদার হয়ে উঠেছে। ফ্যাশন, ফিনটেক, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স ও ব্লু ইকোনমির মতো ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

সাংস্কৃতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে মোদী বলেছেন, ভারত ও ইতালির সম্পর্ক শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনও অত্যন্ত গভীর। ইতালিতে যোগব্যায়াম, আয়ুর্বেদ ও ভারতীয় খাবারের জনপ্রিয়তা বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন তিনি।

এই সফরের অন্যতম আকর্ষণ ছিল মোদীর দেওয়া ‘মেলোডি’ টফির উপহার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেই উপহারের জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। পাল্টা তিনি মোদীকে বারাণসীর ঘাটের চিত্রকর্ম উপহার দেন। শেষে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন, আগামী বছর ভারত-ইতালি সম্পর্কের ৮০ বছর পূর্তি উপলক্ষে ‘ইয়ার অফ কালচার’ উদযাপন করা হবে। একই সঙ্গে জর্জিয়া মেলোনিকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।