ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনালাপের পর সমাজমাধ্যম এক্স-এ মোদী লেখেন, ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেছেন দুই নেতা। এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ফোনালাপে দুই দেশের সহযোগিতা আরও বিস্তারের বিষয়ে একমত হয়েছেন মোদী ও নেতানিয়াহু। প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃষি, জল ব্যবস্থাপনা-সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েল গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরে ২০১৭ সালে মোদীর ইজরায়েল সফর এবং ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই দেশ। ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে উন্নীত করে ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর পিস, ইনোভেশন অ্যান্ড প্রসপারিটি’-র ঘোষণা করা হয়।
দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, জৈবপ্রযুক্তি, কৃষি, জল ব্যবস্থাপনা, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো হবে। দুই দেশের নেতৃত্বের মতে, প্রযুক্তি ও উদ্ভাবনে ইজরায়েলের দক্ষতা এবং মানবসম্পদ, উৎপাদন ও উদ্ভাবনী শক্তিতে ভারতের সক্ষমতা একে অপরের পরিপূরক। বৃহস্পতিবারের ফোনালাপ সেই সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত দিল।