জি-৭ বৈঠকের ফাঁকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় ব্যস্ত, তখন মোদী ও মেলোনির সংক্ষিপ্ত কথোপকথন বিশেষভাবে নজর কেড়েছে। তাঁদের সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের কর্মসূচির বাইরে রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা এবং গ্রুপ ফটো তোলার সময় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ছবি তোলার আগে মোদী ও মেলোনি করমর্দনের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান এবং কিছুক্ষণ কথা বলেন। যদিও তাঁদের কথোপকথনের পুরো অংশ স্পষ্টভাবে শোনা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে তাঁদের জনপ্রিয়তা নিয়েই আলোচনা হয়েছিল। এমনও শোনা যায় যে, মেলোনি মজা করে বলেন, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি’।
মোদী ও মেলোনির এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। কয়েক সপ্তাহ আগেই ইতালি সফরে গিয়ে মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন ভারতে প্রধানমন্ত্রী। সেই উপহার পেয়ে মেলোনি একটি মজার ভিডিও পোস্ট করেন। যেখানে দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে চকোলেটের প্যাকেট হাতে দেখা যায়। ভিডিওতে মেলোনি রসিকতার সুরে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী আমাকে একটি দারুণ টফি-মেলোডি উপহার দিয়েছেন।‘
আসলে ২০২৩ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই সামাজিক মাধ্যমে মোদী-মেলোনি জুটিকে ঘিরে ‘মেলোডি’ শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালে মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেও এই শব্দের উল্লেখ করেছিলেন। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে তাঁদের সাক্ষাৎ ও কথোপকতন নেটমাধ্যমে নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌহার্দপূর্ণ সম্পর্ক শুধুমাত্র ছবি বা ভাইরাল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত ও ইতালির মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতারও প্রতিফলন দেখা যায় এতে। দুই দেশই ভারত-পশ্চিম, এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগে একসঙ্গে কাজ করছে। ফলে মোদী ও মেলোনির ব্যক্তিগত সৌহার্দ্যের পাশাপাশি ভারত-ইতালি সম্পর্কও আন্তর্জাতিক ক্ষেত্রে আরও দৃঢ় হচ্ছে।