রাষ্ট্রনেতাদের বিলাসিতায় ব্যতিক্রমী নজির, ইকোনমি ক্লাসের ‘মিডল সিটে’ বসে চিনের সম্মেলনে হাজির মেক্সিকোর প্রেসিডেন্ট

Mexican President Claudia Sheinbaum (Image: X/@saknscan)

আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন মানেই সাধারণত রাষ্ট্রপ্রধানদের নিজস্ব বিলাসবহুল বিমান, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় আর রাজকীয় আতিথেয়তার ছবি। সেই চেনা ছক ভেঙে গোটা বিশ্বের নজর কাড়লেন মেক্সিকোর ৬৪ বছর বয়সি প্রেসিডেন্ট ক্লদিয়া শাইনবাউম (Claudia Sheinbaum)। চিনের শেনঝেনে (Shenzhen) অনুষ্ঠিত ‘এপেক’ (APEC) সম্মেলনে যোগ দিতে ব্যক্তিগত বা সরকারি জেট নয়, বরং সাধারণ বাণিজ্যিক বিমানের ইকোনমি ক্লাসে (economy class) যাতায়াত করেছেন তিনি। যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৪০ ঘণ্টার এই সুদীর্ঘ সফরে একটানা ২০ ঘণ্টারও বেশি সময় তাঁকে কাটাতে হয়েছে বিমানের মাঝের আসনে (middle seat) বসে। সহযাত্রীদের সঙ্গে হাসিমুখে বসা তাঁর ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।

মাঝের আসনে সফর, টারম্যাকে শাটল বাস

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিমান চলাচল সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ নভেম্বর (রবিবার) মেক্সিকো সিটি থেকে ‘চায়না সাউদার্ন এয়ারলাইন্স’-এর (China Southern Airlines) সিজেড৮০৩২ (CZ8032) উড়ানে চিনের উদ্দেশে রওনা দেন শাইনবাউম। তাঁর এই যাত্রার উল্লেখযোগ্য দিকগুলি হল, মেক্সিকো সিটি থেকে তিজুয়ানায় (Tijuana) জ্বালানি ভরার বিরতি-সহ প্রায় ৮,৮০৩ মাইল পথ পাড়ি দিয়ে শেনঝেনে পৌঁছতে তাঁর সময় লাগে প্রায় ২১ ঘণ্টা। সাধারণ ইকোনমি ক্লাসের সামনের দিকের ‘৩৩বি’ (33B) নম্বর আসনে, অর্থাৎ দু’পাশের যাত্রীর মাঝখানে বসে প্রশান্ত মহাসাগর পাড়ি দেন তিনি। শেনঝেন বিমানবন্দরে নামার পর প্রথাগত ভিভিআইপি গাড়ির বদলে সাধারণ শাটল বাসে করে টারম্যাকের লাল গালিচায় পৌঁছন মেক্সিকোর প্রেসিডেন্ট, যেখানে তাঁকে গার্ড অফ অনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। সম্মেলন শেষে ২০ নভেম্বর মেক্সিকোর বিপ্লব দিবসের কুচকাওয়াজে যোগ দিতে ‘চায়না সাউদার্ন’-এরই সিজেড৮০৩১ (CZ8031) বিরতিহীন উড়ানে দেশে ফেরেন তিনি এবং ফেরার পথে বিমানকর্মীদের সঙ্গে ছবিও তোলেন। এই সফরে তাঁর সঙ্গী ছিলেন অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড-সহ হাতেগোনা কয়েক জন শীর্ষ আধিকারিক।<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Former Mexican president Andrés Manuel López Obrador sold the country’s $218 million presidential Boeing 787 in 2023, calling it too opulant, and used the money to invest in two hospitals. AMLO opted to fly commercial instead. President Claudia Sheinbaum continued the practice this week by taking a 21-hour economy flight to China. She reportedly sat in a middle seat and took a ride share to a hostel for accommodations upon arrival.</p>&mdash; Jacobin (@jacobin) <a href=”https://x.com/jacobin/status/2123816141361480059?ref_src=twsrc%5Etfw”>November 20, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


চিনে অবস্থানকালে কূটনৈতিক ব্যস্ততার ফাঁকেও স্থানীয় একটি মেক্সিকান রেস্তোরাঁয় গিয়ে প্রবাসী মেক্সিকান নাগরিকদের সঙ্গে সময় কাটান এবং তাঁদের দেশের গর্ব বলে অভিহিত করেন শাইনবাউম।

প্রশংসার ঝড়, চলছে বিতর্কও

শাইনবাউমের এই সাদামাটা বিমানযাত্রা চিনের সমাজমাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং মঞ্চ ‘ওয়েইবো’-তে (Weibo) ১৮ নভেম্বরের মধ্যেই তাঁর আগমন সংক্রান্ত হ্যাশট্যাগ এক কোটি (১০.২ মিলিয়ন) বারের বেশি দেখা হয়েছে। চিনা নেটাগরিকদের বড় অংশ তাঁর ‘সততা ও আত্মনিয়ন্ত্রণ’-এর ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মন্তব্য, বিলাসবহুল জেট এবং সরকারি সফরে বিপুল অর্থ অপচয় না করে করদাতাদের টাকা বাঁচিয়ে প্রকৃত জনকল্যাণে ব্যয় করার এই মানসিকতা বিশ্বনেতাদের কাছে শিক্ষণীয়।

যদিও বিশ্ব জুড়ে বিমান বিশেষজ্ঞ ও সমালোচকদের একাংশের মধ্যে ভিন্ন সুরও শোনা গিয়েছে। তাঁদের যুক্তি, এক জন রাষ্ট্রপ্রধানের সময় এবং শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইকোনমি ও বিজনেস ক্লাসের ভাড়ার পার্থক্য বাঁচাতে গিয়ে ২০ ঘণ্টার বেশি মাঝের আসনে বসে থাকলে পর্যাপ্ত বিশ্রাম ও কাজের ক্ষতি হয়, যা আদতে কূটনৈতিক দক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে। কেউ কেউ আবার একে স্রেফ রাজনৈতিক প্রচার বা ‘লোকদেখানো’ বলেও কটাক্ষ করেছেন।

প্রেক্ষাপট: কৃচ্ছ্রসাধন

মেক্সিকোর রাষ্ট্রপ্রধানের বাণিজ্যিক বিমানে যাতায়াতের এই দৃশ্য কিন্তু হঠাৎ কোনও ঘটনা নয়, বরং সে দেশের ক্ষমতাসীন বামপন্থী সরকারের ঘোষিত কৃচ্ছ্রসাধন নীতিরই ধারাবাহিকতা। ২০১৮ সালে মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট আন্দ্রেজ় ম্যানুয়েল লোপেজ় ওব্রাদোর (Andrés Manuel López Obrador) ক্ষমতায় এসেই প্রায় ২০ কোটি ডলার মূল্যের বিলাসবহুল ‘বোয়িং ৭৮৭-৮’ (Boeing 787-8) বিমানটি ব্যবহার করতে অস্বীকার করেন। দীর্ঘ চেষ্টার পর ২০২৩ সালে প্রায় ৯ কোটি ২০ লক্ষ ডলারে অর্থাৎ, বিপুল লোকসানে বিমানটি তাজিকিস্তানের কাছে বিক্রি করে দেয় মেক্সিকো সরকার এবং সেই অর্থ দু’টি হাসপাতাল তৈরিতে ব্যয় করা হবে বলে জানানো হয়।

পূর্বসূরির সেই পথ অনুসরণ করে শাইনবাউমও খুব কমই বিদেশ সফরে যান এবং গেলেও সাধারণ বাণিজ্যিক উড়ানই বেছে নেন। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও ‘অ্যারোমেক্সিকো’র ইকোনমি ক্লাসে চেপে স্পেনের মাদ্রিদ হয়ে বার্সেলোনা সফরে গিয়েছিলেন তিনি এবং সাধারণ আসনে বসেই সরকারি কাজ সারার ছবি পোস্ট করেছিলেন। কূটনৈতিক দিক থেকে তাঁর এ বারের চিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। লাতিন আমেরিকায় ব্রাজিলের পরেই চিনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মেক্সিকো, যাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩ সাল থেকে বছরে ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। শেনঝেন সফরে পরিবেশ, জ্বালানি, বিজ্ঞান ও পর্যটন ক্ষেত্রে চিনের সঙ্গে একাধিক সমঝোতাপত্রে সই করলেও, আমেরিকার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলার বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।