ঢাকার ভারতীয় হাইকমিশনেও ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা 

India-Bangladesh File Photo

পরিচ্ছন্নতা শুধু সরকারি কর্মসূচি নয়। এর সঙ্গে সাধারণ মানুষকেও যুক্ত করার বার্তা নিয়ে ভারতে শুরু হয়েছে এক মাসের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য বর্জ্যের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়ানো। এর পাশাপাশি নোংরা ও আবর্জনার স্তূপ পরিষ্কার করে জনস্বাস্থ্য রক্ষা করাও এর কর্মসূচির অন্যতম লক্ষ্য।

ঢাকায় ভারতের হাইকমিশনেও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে এই কর্মসূচি। ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারের আওতায় ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ পালন করা হয়েছে। পরিচ্ছন্নতা, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আরও পরিচ্ছন্ন, আরও সবুজ ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার তুলে ধরেছে হাইকমিশন।

এই উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতার শপথ পাঠ করান। তিনি বলেন, এই প্রচার অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীলতার সঙ্গে বর্জ্যের ব্যবস্থা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যও আরও এগিয়ে যাবে।


বাংলাদেশেও পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বাংলাদেশ সচিবালয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার কাজে অংশ নিয়ে দেশবাসীকে সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে খাল, বিল, নদী, নালা ও পুকুর দূষণমুক্ত করার ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ট্রাম্পের ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা খারিজ করল আদালত

ভারতেও এক মাস ধরে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলবে। রেলস্টেশন, স্কুল, সরকারি-বেসরকারি অফিস এবং জনবহুল এলাকায় বিশেষ সাফাই অভিযান চালানো হচ্ছে। যুবসমাজ ও বিভিন্ন সংগঠনও এতে অংশ নিচ্ছে। বর্জ্য কমানো এবং ব্যবহৃত জিনিস ফের কাজে লাগানোর বিষয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।