অনির্দিষ্টকালের জন্য স্থগিত হরমুজ নিয়ে বৈঠক, ফের অনিশ্চয়তায় পশ্চিম এশিয়া

Photo: Statesman

ওমানের সালালাহ শহরে সোমবার হরমুজ প্রণালীর নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ইরান এবং পারস্য উপসাগরীয় দেশগুলির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ইরান ও ওমান যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়। ফলে দিল্লির ব্রিকস সম্মেলনে ইরান ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর পশ্চিম এশিয়াকে ঘিরে যে কূটনৈতিক আশার আলো দেখা দিয়েছিল তা ফের ধাক্কা খেল।

ওমানের বিদেশমন্ত্রী বদর আলবুসাইদি সমাজমাধ্যমে জানান, অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য তৈরি করতেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রকও জানিয়েছে, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধেই বৈঠক স্থগিত হয়েছে। ওমানের সঙ্গে আলোচনা করে পরে নতুন দিন ঠিক করা হবে।

এই বৈঠক ঘিরে শুরু থেকেই মতবিরোধ ছিল। ইরানকে নিয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে আপত্তি জানিয়েছিল বাহরিন। তাদের অভিযোগ, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন পরিকাঠামোয় ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলি হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবও বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বলে ইরানের বিদেশমন্ত্রক সূত্রে খবর।


এর মধ্যেই হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ইরানের দাবি, তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন নাবিক। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

গত সপ্তাহে সৌদি আরবে হুথিদের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। হুথিদের হামলার আশঙ্কায় সৌদি আরব হরমুজ এড়িয়ে তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম পাইপলাইনও সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৭ ডলার এবং ডব্লিউটিআই ১০২ ডলার ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: ব্রিকস ঘোষণাপত্রে ঐক্যমত, বড় কূটনৈতিক সাফল্য ভারতের

এর আগে দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের বৈঠক হয়েছিল। পরে পেজেশকিয়ান জানিয়েছিলেন, অতীতকে পিছনে ফেলে তাঁরা ভবিষ্যতের দিকে তাকাতে চান। তাঁর এই বার্তার পর সেই বৈঠককে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমার সম্ভাবনা হিসেবে দেখা হয়েছিল। কিন্তু হরমুজ নিয়ে ওমানের বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় সেই আশাতেও আপাতত জল ঢেলে দিল।