মেটার (Meta) কর্ণধার মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg) এবার নিজের সম্পত্তির তালিকায় জুড়লেন এক রাজকীয় ঠিকানা। আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড (Waterford) প্রদেশে তিনি কিনেছেন উনিশ শতকের গথিক শৈলীর (Gothic Revival) এক রাজকীয় প্রাসাদ। যেটির পোশাকি নাম স্ট্র্যানক্যালি ক্যাসল (Strancally Castle)। স্ত্রী প্রিসিলা চ্যানের (Priscilla Chan) সঙ্গে মিলে এই সম্পত্তি কিনতে তাঁর খরচ হয়েছে প্রায় তিনশো ছত্রিশ কোটি টাকা। ব্ল্যাকওয়াটার নদীর (River Blackwater) তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ দাঁড়িয়ে আছে চারশো চল্লিশ একর জমির উপর।
কেমন এই দুর্গ
১৮৩০ সালে তৈরি এই প্রাসাদ একসময় ছিলেন টোরি সাংসদ জন কিলির (John Keily) বাসভবন। প্রায় ১৬০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত তিনতলা এই দুর্গে রয়েছে একাধিক শয়নকক্ষ, গ্রন্থাগার, খাবার ঘর এবং টাওয়ার স্যুট। গত পঁচিশ বছর ধরে এই সম্পত্তির মালিক ছিলেন বিনিয়োগ সংস্থা র্যাব ক্যাপিটালের (RAB Capital) সহ-প্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি এবং তাঁর স্ত্রী জিয়ানকার্লা। তাঁরাই দুই দশক ধরে সংস্কার করে দুর্গটিকে বর্তমান রূপ দিয়েছেন। জাকারবার্গ ও চ্যান জানিয়েছেন, আয়ারল্যান্ডে সময় কাটাতে এবং সেখানকার মেটার আন্তর্জাতিক দপ্তরে কাজের ফাঁকে মাথা গোঁজার প্রয়োজনেই এই বাড়িটি কেনা।<iframe width=”381″ height=”677″ src=”https://www.youtube.com/embed/4RP5_QEJEeI” title=”Facebook founder & Meta CEO Mark Zuckerberg & Strancally castle 🏰 #irishcastle #markzuckerberg” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
ধনকুবেরদের নতুন ঠিকানা
গত পাঁচ বছরে আয়ারল্যান্ডে বড়সড় ঐতিহাসিক এস্টেট কেনা তৃতীয় টেক-ধনকুবের জাকারবার্গ। এর আগে ২০২১ সালে স্ট্রাইপের (Stripe) সহ-প্রতিষ্ঠাতা জন কলিসন কিনেছিলেন অ্যাবি লেইক্স এস্টেট। আর ২০২৪ সালে একই নদী উপত্যকায় বালিনাট্রে হাউস কেনেন উদ্ভাবক জেমস ডাইসন (James Dyson)। শোনা যাচ্ছে, জাকারবার্গ আগেও ধনকুবের জন ম্যালোনের কাছে কাউন্টি কিলডেয়ারের একটি এস্টেট কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই চুক্তি সফল হয়নি। মেটার ইউরোপীয় দপ্তর ডাবলিনে। সেই সুবাদেই সংস্থাটি আয়ারল্যান্ডে প্রায় দেড় হাজার মানুষকে চাকরি দিয়েছে।
আদালতে অস্বস্তি
দুর্গ কেনার এই খবর সামনে আসার সময়টাও কিন্তু তাৎপর্যপূর্ণ। ঠিক এই মুহূর্তে আমেরিকার একটি আদালতে মেটার বিরুদ্ধে চলছে শিশু-সুরক্ষা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলা। সংস্থার প্রাক্তন এক শীর্ষ ইঞ্জিনিয়ার আদালতে জানিয়েছেন, ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রামে (Instagram) শিশু-কিশোরদের সুরক্ষার চেয়ে ব্যবহারকারী বৃদ্ধি ও মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে সংস্থা। একাধিক রাজ্যের অভিযোগ, ১৩ বছরের কম বয়সিদের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করেছে মেটা। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই ফেসবুক ও ইনস্টাগ্রামের কিশোর-কিশোরী ব্যবহারকারীর সংখ্যা বিপুল। ফলে এই মামলার রায় ভবিষ্যতে ভারতীয় অভিভাবকদের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এক ঝলকে জাকারবার্গের সাম্রাজ্য
আয়ারল্যান্ডের এই দুর্গ জাকারবার্গের বিশাল সম্পত্তি তালিকায় নতুন সংযোজন মাত্র। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোয় তাঁর একাধিক বাড়ি আছে। হাওয়াই দ্বীপে তাঁর জমির পরিমাণ প্রায় ১৩০০ একর। লেক টাহোয় আছে দু’টি এস্টেট। আর কিছুদিন আগেই মায়ামির ইন্ডিয়ান ক্রিক দ্বীপে প্রায় ১৭০ মিলিয়ন ডলারে একটি প্রাসাদোপম বাড়ি কিনেছেন তিনি, যেখানে প্রতিবেশী হিসেবে থাকেন জেফ বেজোসের মতো ধনকুবেরও।