খামেনিকে হত্যা করে ভাঙা হয়েছে আন্তর্জাতিক আইন, নিশানা প্রধানমন্ত্রী শাহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইরানের প্রতি সমর্থন জানাল পাকিস্তান। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

রবিবার সামাজমাধ্যমে শাহবাজ লেখেন, কোনও দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে লক্ষ্য করে হামলা চালানো গ্রহণযোগ্য নয় এবং এটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। তিনি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, খামেনির মৃত্যু ইরানবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই সময়ে পাকিস্তান ইরানের পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

যদিও নিজের বার্তায় সরাসরি কোনও দেশের নাম উল্লেখ করেননি।  হামলার জন্য আমেরিকা ও ইজরায়েলকেই পরোক্ষে দায়ী করা হয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা। এর আগেও হামলার পরপরই ইসলামাবাদ ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিল।


এদিকে খামেনির মৃত্যুর প্রতিবাদে রবিবার করাচিতে মার্কিন উপদূতাবাসের সামনে বিক্ষোভ দেখান কয়েক জন। বিক্ষোভকারীরা দূতাবাসে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আগুন ধরানোর চেষ্টার অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে অন্তত ১০ জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, ভিড় এড়িয়ে চলতে এবং স্থানীয় খবরাখবর অনুসরণ করতে পরামর্শ দিয়েছে।