খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫, আহত ১৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মীও রয়েছেন। শুক্রবার বান্নু জেলার ডোমেল থানায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি থানার পিছনের অংশে ধাক্কা মারতেই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। এতে থানার প্রহরী পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভবনের বড় অংশ ভেঙে পড়ে। এই বিস্ফোরণের জেরে আশপাশের একাধিক বাড়ি ভেঙে পড়ে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। উদ্ধারকারী দল আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জেলা জরুরি পরিষেবার আধিকারিক বখতুল্লাহ ওয়াজির জানিয়েছেন, মৃতদের মধ্যে একই পরিবারের চার জন— স্বামী, স্ত্রী, কন্যা ও পুত্র রয়েছেন। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এলাকা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়া হবে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। গুলিবিনিময় বন্ধ হওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার কাজ শুরু করেন। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।


সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় এই ধরনের হামলার ঘটনা বেড়েছে, যেখানে সাধারণ মানুষ এবং নিরাপত্তাকর্মী উভয়েই নিশানা হচ্ছেন।
নিরাপত্তা সমীক্ষার একটি রিপোর্ট অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসমূলক ঘটনার সংখ্যা গত বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ১,৬২০, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৩৩১-এ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ একই প্রদেশে এক পুলিশ আধিকারিককে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ধারাবাহিক ঘটনার ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।