১৭ বছর পর বৃহস্পতিবার নিজের দেশে ফিরেছেন খালেদাপুত্র তারেক রহমান। দেশে ফিরেই প্রথম বক্তৃতায় সদ্যনিহত শরিফ ওসমান হাদির স্বপ্নপূরণের কথা বলেন। আর আজ, শনিবার হাদির কবরে গিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ১১টা নাগাদ শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক। তারপর কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান-সহ অনেকে। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি-সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। গত দুইদিনের মতো আজ লাল, সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। তিনি সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দু’পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
হাদির কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এরপর ১টা ১৭ মিনিটে ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
এর আগে এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’। সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা মূলক। এ শর্ত পূরণে দেশের যে কোনও নির্বাচনী এলাকার ভোটার হলেই চলে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ২৯ ডিসেম্বর। ইতি মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট রয়েছে। তারেক বগুড়া-৬ আসন থেকে লড়বেন আর তাঁর মা তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। তারেক লন্ডনে থাকাকালীনই গত ৩ নভেম্বর বিএনপি তাঁর নাম ঘোষণা করেছিল। তবে গত ১৭ বছর ধরে ব্রিটেন প্রবাসী খালেদা-পুত্রের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকায় ওঠেনি। তাই নির্বাচনী বিধি মেনে জাতীয় সংসদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটার তালিকায় নাম তুলতে আবেদন জানাতে হচ্ছে তাঁকে।