নেপালে ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) তৃতীয় দিনেও উদ্ধারকাজ চলছে জোরকদমে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯। নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হেলিকপ্টারের মাধ্যমে ৫০ জন বিদশি-সহ মোট ৭৯৬ জনকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে(Nepal Flash Flood) । স্থলপথে আরও ৭৯৬ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
তবে উদ্ধার ও তল্লাশি অভিযানে আপাতত অন্য কোনও দেশের সাহায্যের প্রয়োজন নেই বলে স্পষ্ট করে জানিয়েছে নেপাল। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছেন, বিদেশি রাষ্ট্রগুলির সাহায্যের প্রস্তাব স্বাভাবিক বিষয়। কিন্তু বর্তমানে নেপালে নিরাপত্তা বাহিনীই তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এই মুহূর্তে বিদেশি বাহিনীর সাহায্যের প্রয়োজন নেই।
আরও পড়ুন: নেপালে মৃত কমপক্ষে ৪৬৯, নিখোঁজ ১৫০০, তার মধ্যে ভারতীয় রয়েছেন ২৯০
এদিকে, বিপর্যয়ের কারণ খুঁজতে উপগ্রহচিত্র বিশ্লেষণ করেছেন ভূবিজ্ঞানীরা (Nepal Flash Flood) । ভূ-রূপবিদ ক্রিস্টেন কুক এবং ড্যান শুগার জানিয়েছেন, উপগ্রহচিত্রে দেখা গিয়েছে হিমবাহের নিচের শিলাস্তর ধসে পড়েছে। এর ফলে বিপুল পরিমাণ বরফ, পাথর এবং শিলাখণ্ড একসঙ্গে উপত্যকার দিকে নেমে এসে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে।
বিপর্যস্ত নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক রেড ক্রসও জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড ক্রিসেন্ট সোসাইটিজ(IFRC) ২৫ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ৩১ মিলিয়ন ডলারের তহবিল চেয়েছে। এর আগে তাৎক্ষণিক উদ্ধার ও জীবনরক্ষার কাজে সহায়তার জন্য ১০ লক্ষ সুইস ফ্রাঁ বরাদ্দ করা হয়েছিল।
আরও পড়ুন: হড়পা বানে ক্ষতিগ্রস্ত ১৩ জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতে বিদ্যুৎ রপ্তানি কমাল নেপাল
আট জেলায় উদ্ধার মৃতদেহ
নেপাল পুলিশের হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আটটি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে(Nepal Flash Flood)। চিতওয়ানে সর্বাধিক ১৭৮ জন দেহ উদ্ধার হয়েছে। এছাড়া নওয়ালপরাসি ইস্টে ১১০, গোরখায় ৪৪, নুয়াকোটে ৩৭ এবং ধাদিংয়ে ৩৩ জনের দেহ উদ্ধার হয়েছে। তানাহুতে ২৮, নওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রসুয়ায় ১২ জনের দেহ মিলেছে।
তৃতীয় দিনেও দুর্গম এলাকাগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে নেপালের নিরাপত্তা বাহিনী। আরও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয়দের জন্য জরুরি নম্বর
নেপালে আটকে পড়া বা বিপদে থাকা ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে বিদেশ মন্ত্রক ও কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস। প্রয়োজনে +977 9851316807 এবং +977 9709107500 নম্বরে যোগাযোগ করা যাবে। নেপাল ট্যুরিজম বোর্ডও পর্যটকদের জন্য জরুরি যোগাযোগ নম্বর দিয়েছে। টোল ফ্রি 1234, হটলাই 1144 এবং ট্যুরিস্ট পুলিশের নম্বর 9851289445 যোগাযোগ করা যাবে।
দেখুন: নেপালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ