পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁকে তীব্র কটাক্ষ করলেন বিশিষ্ট চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে জারদারি দাবি করেন, সে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ৩-৪ শতাংশ হিন্দু জনসংখ্যাকে ‘সহ্য’ করেন। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন জাভেদ।
জারদারির বক্তব্য ছিল, ভারতীয়দের ‘আখণ্ড ভারত’-এর ধারণা রয়েছে। অন্যদিকে পাকিস্তান মুসলিম-প্রধান দেশ হলেও সেখানে ৩-৪ শতাংশ হিন্দু জনসংখ্যা রয়েছে এবং তাঁরা স্বাধীন ভাবে বসবাস করেন। জারদারি আরও দাবি করেন, হিন্দুরা পাকিস্তানেই থাকতে বেশি স্বচ্ছন্দ।
জারদারির সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় সমাজমাধ্যমে জাভেদ আখতার লেখেন, বেনজির ভুট্টোর সঙ্গে বিয়ের পরই জারদারি পরিচিতি পান। তাঁর কটাক্ষ, “তিনি বলছেন, পাকিস্তানিরা তাঁদের দেশের ৩-৪ শতাংশ হিন্দু জনসংখ্যাকে সহ্য করেন। আমার মনে হয়, ১০ শতাংশের নীচে থাকা সব কিছুর প্রতিই জারদারির অসহিষ্ণুতা রয়েছে।”
দুর্নীতির অভিযোগের জেরে পাকিস্তানের রাজনীতিতে জারদারিকে দীর্ঘদিন ধরেই ‘মিস্টার ১০ পারসেন্ট’ নামে কটাক্ষ করা হয়ে থাকে। সেই পরিচিত তকমাকেই নিজের মন্তব্যে অস্ত্র করেছেন জাভেদ।
জাভেদের মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করে তিনি কার্যত জারদারির নিজের পরিচিত ‘১০ পারসেন্ট’ তকমাকেই ফিরিয়ে দিয়েছেন।